ব্রাসেলসের জনজীবন আজও স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে টহল দিচ্ছে সেনা ও পুলিশ। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে টহল দিচ্ছে সেনা ও পুলিশ। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় আজ সোমবারও সেখানে সর্বোচ্চ সতর্কাবস্থা বহাল আছে। নিরাপত্তার কড়াকড়িতে ব্রাসেলসের জনজীবনে তৃতীয় দিনের মতো স্থবিরতা বিরাজ করছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেলজিয়ামের পুলিশ গতকাল রোববার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন। তিনি ছাড়াও অন্য জঙ্গিরা হামলা চালাতে পারেন। এমন আশঙ্কায় ব্রাসেলসে আজও ব্যাপকভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

১৩ নভেম্বর প্যারিসে যে সন্ত্রাসীরা হামলা চালায়, তাদের কয়েকজনের বাড়ি বেলজিয়ামে। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম বর্তমানে পলাতক। তিনি বেলজিয়ামেই পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে ও তাঁর অন্য সঙ্গীদের ধরতে সেখানে সাঁড়াশি অভিযান চলছে।

ব্রাসেলসের নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতার বিষয়টি পর্যালোচনা করতে গতকাল রাতে দেশটির সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে রাজধানীতে জারি রাখা সর্বোচ্চ সতর্কাবস্থা আজও অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এর আওতায় আজও ব্রাসেলসে শিক্ষাপ্রতিষ্ঠান ও মেট্রো-ব্যবস্থা বন্ধ থাকছে। বন্ধ থাকছে অনেক দোকানপাট ও বিপণিবিতান।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের ভাষ্য, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু বিপণিবিতান, দোকান ও গণপরিবহন। সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানীতে পুলিশ ও সেনাদের উপস্থিতি আরও বাড়ানোর কথা বলেছেন তিনি।


সরকারের পক্ষ থেকে দেশটির জনসাধারণকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে তাদের আতঙ্কিত না হতে বলা হয়েছে। এ ছাড়া রাজধানীতে জনসাধারণকে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জাদুঘর, সিনেমা হল ও বিপণিবিতান বন্ধ করে দিয়েছে। ক্লাব ও ভেন্যু কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিল করেছে।


বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করে বলেন, প্যারিসের মতো এখানেও হামলা হতে পারে। একাধিক ব্যক্তি একযোগে বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে।

এরপর রাতে ব্রাসেলসের ১৯টি জায়গায় এবং শিল্পনগর শার্লেরুইয়ের তিনটি স্থানে অভিযান চালায় দেশটির পুলিশ।


দেশটির এক কর্মকর্তা আজ জানিয়েছেন, ২২টি অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের বিষয়টি একজন বিচারক পর্যালোচনা করবেন। তবে সালাহ আবদেসালামকে ধরা যায়নি।


কর্মকর্তারা আরও জানান, অভিযানে কোনো অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার হয়নি। অভিযানকালে একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে এক সন্দেহভাজন আহত হন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যঁ জাবোঁ বলেছেন, আবদেসালামকে ধরলেই হুমকি শেষ হয়ে যাবে না। এই হুমকি একজনের মধ্যে সীমাবদ্ধ নয়।


প্রধানমন্ত্রী চার্লস মিশেল জানিয়েছেন, আজ বিকেলে পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে। শহরকে যথাশিগগির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবকিছু করা হবে।


সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রাখায় ব্রাসেলসের জনজীবন গতকালও ছিল স্থবির। গতকালও সেখানে মেট্রোরেল, বড় বিপণিবিতান, কনসার্টের পাশাপাশি পূর্বনির্ধারিত গণজমায়েত বন্ধ ছিল।