বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতি-সংক্রান্ত প্রধান ফেদেরিকা মগেরিনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ইইউতে কোনো ধরনের ভাঙনের বিরোধিতা করার জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় বৈঠকের বাইরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (যা ব্রেক্সিট নামে বহুল পরিচিত) বিষয়টিকে বরাবর সমর্থন করে এসেছেন। দৃশ্যত সশরীরে ইউরোপে এসে বিক্ষোভের মুখে ভিন্ন সুরে কথা বলতে হলো তাঁর সহযোগী পেন্সকে।
ইউরোপ সফরের শেষ ভাগে ব্রাসেলসে যান মাইক পেন্স। সেখানে রোববার ইইউ ও বেলজিয়ামের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক ও নৈশভোজ শেষে বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেন, ‘পেন্সের বার্তা ছিল, ইইউ ভাঙার বিষয়টি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এমনটাই শুনেছি।’
গতকাল ফেদেরিকা মগেরিনির সঙ্গে পেন্সের বৈঠক হয় ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে। এ সময় দূতাবাসের বাইরে জড়ো হন বহু মানুষ। তারা নারী ও সমকামীদের অধিকার ও জলবায়ু-সংক্রান্ত বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন।
এক বিক্ষোভকারী বলেন, ‘ট্রাম্প প্রশাসন নারী অধিকারকে অবমাননা করছে। পেন্স ওই প্রশাসনেরই লোক। তাই আমরা তাঁর সফরের বিরোধিতা করতে জড়ো হয়েছি।’
মগেরিনির সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার ও সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেন্স স্টলটেনবার্গের সঙ্গে পেন্সের বৈঠকের কথা ছিল। ব্রাসেলসে যাওয়ার আগে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন পেন্স। সেখানে ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ন্যাটোকে ট্রাম্পের ‘সেকেলে’ আখ্যা দেওয়া এবং জোটের কোনো কোনো সহযোগীকে অব্যাহত সুরক্ষা দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করায় ইউরোপীয় মিত্রদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অস্বস্তিকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।