ব্রাসেলসে দুটি বিমান বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি
বেলজিয়ামের ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে অবতরণের সময় গতকাল বুধবার দুটি বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে দুটি বিমানই নিরাপদেই অবতরণ করে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিআরটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় এক খবরে জানায়।
বিমানবন্দরটিতে নিয়োজিত পুলিশের মুখপাত্র বলেন, বোমা হামলার হুমকি নিয়ে বিমানবন্দরে কোনো সতর্কতা জারি করা হয়নি। সেখানে স্বাভাবিক কার্যক্রমেও কোনো ঝামেলা হয়নি।
তাৎক্ষণিকভাবে ভিআরটি বলেছে, হামলার হুমকি পাওয়া বিমান দুটির একটি অসলো থেকে এসেছিল। কৌঁসুলি এরিক ভ্যান ডার সিপটকে উদ্ধৃত করে ভিআরটি বলেছে, বেলজিয়ামের সরকারি কৌঁসুলিরা এ হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বেশ কিছু নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছেন।
বেলজিয়ামের এক টিভি সাংবাদিক বার্ট রায়েস ঘটনার ব্যাপারে এক টুইট বার্তায় লেখেন, তিনি নিজে অসলো থেকে আসা বিমানটিতে ছিলেন। বিমানবন্দরে অবতরণের ২০ মিনিট আগে এর চালক বোমা হামলার হুমকি পান।
রায়েস বলেন, হুমকি পাওয়ার পর তা যাত্রীদের জানানো হয়। অবতরণের পর বিমানটি থেকে নামার আগে তাঁদের ১০ মিনিট অপেক্ষা করিয়ে তল্লাশি চালানো হয়। গত মার্চে ব্রাসেলসের একই বিমানবন্দর এবং একটি পাতালরেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হন।