ব্রাসেলসে মসজিদে 'সন্দেহজনক গুঁড়া'
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মসজিদে ‘সন্দেহজনক গুঁড়া’ পাওয়ার পর ওই মসজিদ তাৎক্ষণিকভাবে খালি করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ব্রাসেলসের সবচেয়ে পুরোনো ওই মসজিদে এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের পত্রিকা দ্য ইনডিপেনডেন্টের অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টের অদূরে অবস্থিত ওই মসজিদে ‘সন্দেহজনক গুঁড়া’ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মসজিদ খালি করে দিয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তদন্তকারীদের কাজের স্বার্থে মসজিদ এলাকা ঘিরে রাখা হয়েছে। মসজিদ থেকে কয়েকজন ব্যক্তিকে হাসপাতালে নিতে দেখা গেছে। তারা ‘সন্দেহজনক গুঁড়ার’ শিকার বলে ধারণা করা হচ্ছে।
ব্রাসেলস ফায়ার সার্ভিসের মুখপাত্র মেস স্টোন জানান, মসজিদ ভবনে কয়েকটি খামের ভেতরে ‘সাদা রঙের গুঁড়া’ পাওয়া গেছে। কিন্তু এই গুঁড়াগুলো কীসের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুই কক্ষবিশিষ্ট ওই মসজিদের বাইরে থাকা বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিকের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানায়, খামের ভেতরের গুঁড়াগুলো তেজস্ক্রিয় কোনো কিছু নয়, সেটা ইতিমধ্যে নিশ্চিত করেছেন তদন্তকারীরা। সেগুলো অ্যানথ্রাক্সের জীবাণু নাকি অন্য কোনো কিছু, সেটা জানার চেষ্টা চলছে।
‘অত্যাসন্ন’ সন্ত্রাসী হামলার হুমকির কারণে ব্রাসেলসে পাঁচ দিন ধরে উচ্চমাত্রার সতর্কতা জারি রয়েছে। চার দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার মেট্রোরেল ও স্কুল খুলে দেওয়া হয়। তারপরও ব্রাসেলস ও আশপাশের শহরতলিতে জীবনযাত্রা প্রায় অচল রয়েছে। এ ছাড়া বেলজিয়ামজুড়ে নিম্ন মাত্রার সতর্কতা জারি রয়েছে। এরই মধ্যে মসজিদে ‘সন্দেহজনক গুঁড়া’ পাওয়ার ঘটনা ঘটল।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত সপ্তাহে গুলি, বোমা ও আত্মঘাতী হামলায় ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়। ওই হামলায় সন্দেহভাজন কয়েকজন বেলজিয়ামের নাগরিক বলে ধারণা করা। এদের মধ্যে সালেহ আবদেসালেম নামের প্রধান সন্দেহভাজন ব্যক্তি ফ্রান্সে হামলার পর আবার বেলজিয়ামে ঢুকেছেন বলে জানা গেছে। প্যারিসে হামলার পর অত্যাসন্ন সন্ত্রাসী হামলার হুমকি আসে বেলজিয়ামে।