ব্রাসেলসে হামলা : বেলজিয়ামের পরিবহনমন্ত্রীর পদত্যাগ
পদত্যাগ করেছেন বেলজিয়ামের পরিবহনমন্ত্রী জ্যাকুলিন গ্যালান্ট। বেলজিয়ামের ব্রাসেলসে ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পর থেকে সমালোচনার মুখে আজ শুক্রবার পদত্যাগ করলেন তিনি।
গত ২২ মার্চ জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) সন্ত্রাসী হামলা চালানো হয়। এক ঘণ্টার ব্যবধানে চালানো ওই জোড়া হামলায় বিমানবন্দরে ১৬ জনসহ মোট ৩২ জন নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।
ওই হামলার পর থেকে পরিবহনমন্ত্রী জ্যাকুলিন গ্যালান্টের ব্যাপক সমালোচনা হচ্ছিল। সন্ত্রাসী হামলার পর বিরোধী দলগুলো অভিযোগ তোলে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা হামলা চালাতে সক্ষম হয়েছে। এই অভিযোগে বিরোধী দলগুলো পরিবহনমন্ত্রীর পদত্যাগও দাবি করে। দাবির সমর্থনে তাঁরা ২০১৫ সালে করা ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিবেদনও প্রকাশ করে। ওই প্রতিবেদনে বেলজিয়ামের বিমানবন্দরগুলোতে নাজুক নিরাপত্তাব্যবস্থার কড়া সমালোচনা করা হয়।
এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল পরিবহনমন্ত্রীর পদত্যাগে বিরোধী দলের দাবি নাকচ করে দিয়েছিলেন। তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনের ব্যাপারে তিনি বলেন, ওই প্রতিবেদন তিনি এখনো দেখেননি।