প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম ও তাঁর সহযোগীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বেলজিয়াম। সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রাখায় রাজধানী ব্রাসেলসের জনজীবন গতকাল রোববারও ছিল স্থবির। গতকালও সেখানে মেট্রোরেল, বড় বিপণিবিতান, কনসার্টের পাশাপাশি পূর্বনির্ধারিত গণজমায়েত বন্ধ ছিল। খবর এএফপি ও বিবিসির।
প্যারিসে হামলায় জড়িত বলে সন্দেহভাজন ‘বেশ কয়েকজন’ সন্ত্রাসীকে ধরতে বেলজিয়ামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ব্রাসেলসের প্রধান প্রধান সড়কে পুলিশ ও সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল গতকাল। বাড়তি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দুই দিন ধরে বিমানবন্দর ও রেলস্টেশনে সতর্ক তল্লাশিচৌকি বসানো হয়েছে। গতকালও গণপরিবহন চলেছে সীমিত মাত্রায়।
ব্রাসেলসের নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতার বিষয়টি পর্যালোচনা করার জন্য গতকাল রাতে বেলজিয়াম সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে রাজধানীতে জারি রাখা সর্বোচ্চ সতর্কাবস্থা আজ সোমবারও অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় আজও ব্রাসেলসে শিক্ষাপ্রতিষ্ঠান ও মেট্রো বন্ধ থাকবে।
গত সপ্তাহে প্যারিসে যে সন্ত্রাসীরা হামলা চালায়, তাদের কয়েকজনের বাড়ি বেলজিয়ামে। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম বর্তমানে পলাতক। তিনি বেলজিয়ামেই পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে ও তাঁর অন্য সঙ্গীদের ধরতে সেখানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
তবে গতকাল বিবিসি বলেছে, আবদেসালামের কয়েকজন বন্ধু বিবিসিকে বলেছেন, তিনি তাঁদের সঙ্গে স্কাইপে কথা বলেছেন। তাঁরা বিবিসিকে বলেছেন, আবদেসালাম এখনো ব্রাসেলসেই আছেন এবং সেখান থেকে সিরিয়ায় চলে যাওয়ার চেষ্টা করছেন।
বেলজিয়ামের বেলজা বার্তা সংস্থা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী জ্যঁ জাবোঁ একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আবদেসালামকে ধরলেই হুমকি শেষ হয়ে যাবে না। এই সন্ত্রাসী হামলার সঙ্গে সন্দেহভাজন আরও কয়েকজন আছে। এ কারণে আমরা বিশেষ ধরনের এই পদক্ষেপ নিয়েছি।’ মন্ত্রী বলেন, ‘আমরা মিনিটে মিনিটে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটা সত্যিকার অর্থেই একটা বড় ধরনের হুমকি।’
সিরিয়ায় ব্রিটিশ অভিযান আসন্ন?: ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলার অভিযানে যুক্তরাজ্য কয়েক সপ্তাহের মধ্যেই যোগ দিতে পারে। অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন এই ইঙ্গিত দিয়েছেন।
সিরিয়া সংকট মোকাবিলার জন্য কয়েক দিনের মধ্যেই নিজের পরিকল্পনা চূড়ান্ত করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তারপর এমপিরা এ নিয়ে আলোচনার সুযোগ পাবেন।