ব্রাসেলসে স্কুল ও মেট্রোরেল খুলে দেওয়া হয়েছে
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রায় চার দিন বন্ধ থাকার পর আজ বুধবার স্কুল ও মেট্রোরেল খুলে দেওয়া হয়েছে। ‘অত্যাসন্ন’ সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতা হিসেবে স্কুল ও মেট্রোরেল বন্ধ রাখা হয়েছিল। বিবিসির অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ব্রাসেলসে হামলার হুমকি আসে। এরপর ব্রাসেলসে সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান, মেট্রোরেল, বিপণি বিতান ও জনসমাগম স্থল। রাজধানী ছাড়াও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার রাজধানীর উপকণ্ঠের এলাকাগুলোতেও। এ কারণে রাজধানী ও উপকণ্ঠে জীবনযাত্রা চার দিন ধরে প্রায় অচল হয়ে থাকে। হামলার আশঙ্কায় বেলজিয়াম জুড়েই জারি রয়েছে নিম্ন মাত্রার সতর্কতা।
চার দিন পর ব্রাসেলসে আজ স্কুল ও মেট্রোরেল খুলে দেওয়া হলেও ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থা বহাল রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শত শত পুলিশ ও সেনাসদস্য টহল দিচ্ছেন।
প্যারিসে গত সপ্তাহে গুলি, বোমা ও আত্মঘাতী হামলায় ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়। ওই হামলায় জড়িত বলে সন্দেহভাজন কয়েকজন বেলজিয়ামের বাসিন্দা। এদের মধ্যে সালেহ আবদেসালেম নামের সন্দেহভাজন একজন ফ্রান্সে হামলার পর আবার বেলজিয়ামে ঢুকেছেন বলে ধারণা করা হচ্ছে।