ব্রাসেলসে হামলায় সন্দেহভাজন একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাসেলসে বিমানবন্দরে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন তিন ব্যক্তি। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও থেকে নেওয়া ছবি। ছবি: রয়টার্স
ব্রাসেলসে বিমানবন্দরে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন তিন ব্যক্তি। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও থেকে নেওয়া ছবি। ছবি: রয়টার্স

বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বেলজিয়ামের বিচার বিভাগের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আজ বুধবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের।
আটক ওই ব্যক্তির নাম নাজিম লাকরাউনি। তাঁকে অ্যান্ডারলেক্ট এলাকা থেকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার বিমানবন্দরে বোমা হামলার আগে সিসি টিভি ফুটেজে তাঁকে দেখা গিয়েছিল।
এর আগে আত্মঘাতী দুই হামলাকারীর নাম প্রকাশ করা হয়। তাঁরা হলেন খালিদ ও ইব্রাহিম আল বাকরাওই। ওই দুজন সম্পর্কে ভাই বলে ধারণা করা হচ্ছে। প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালামের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রের বরাত দিয়ে আরটিবিএফ টেলিভিশনের খবরে এ কথা জানানো হয়।
পুলিশের একটি সূত্র এএফপিকে বলেছে, বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের আগমুহূর্তে সিসি টিভির ফুটেজে তিনজনের ছবি দেখা গেছে, ছবিতে থাকা মাঝের জন সম্ভবত ইব্রাহিম আল বাকরাওই। আরেকটি প্রতিবেদনে জানানো হয়, এই ভাইদের আরেকজন মেট্রো স্টেশন মালবিকে হামলার ঘটনায় জড়িত থাকতে পারেন। আর ওই ছবির ডান দিকে থাকা অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন। আজ তাঁকেই আটক করা হয়েছে।

গত শুক্রবার ব্রাসেলস থেকে সালাহ আবদেসালামকে গ্রেপ্তার করে পুলিশ। এর চার দিনের মাথায় গতকাল ব্রাসেলসের বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলা চালানো হলে অন্তত ৩৪ জন নিহত হয়।


আরও পড়ুন: