ব্রাসেলসের বিমানবন্দর মঙ্গলবারের আগে খুলছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর আগামী মঙ্গলবারের আগে খুলছে না। বিমানবন্দর কর্তৃপক্ষ আজ শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, নতুন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পর আগামী মঙ্গলবার বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে। গত মঙ্গলবার এই বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলায় ৩১ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়।
তবে নতুন কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু জানায়নি। সন্ত্রাসী হামলার পর অভিযোগ ওঠে, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা ছিল। বহির্গমন হল পর্যন্ত যাত্রী যাওয়ার ক্ষেত্রে নিয়মমাফিক তল্লাশি করা হয়নি বলেও সমালোচনা চলছে।