ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ইংল্যান্ডের মধ্যাঞ্চলীয় নর্থ শ্রপশায়ারের আসনটিতে ২০০ বছরের ইতিহাসে কখনো হারেনি টরি দল। দুই বছর আগেও এখানে দলটির ব্যাপক জনপ্রিয়তা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার ওই আসনের উপনির্বাচনে সব ওলটপালট হয়ে গেছে। খবর এএফপির।
লিবারেল ডেমোক্র্যাটের কাছে হেরে গেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের দল। এ নিয়ে আজ শুক্রবার দলের নেতাদের তোপের মুখে পড়েন তিনি। প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর নেতৃত্ব নিয়েই।
যুক্তরাজ্যে বেশ কিছু কেলঙ্কারি নিয়ে সমালোচনার মুখে থাকা বরিস জনসন গত মঙ্গলবার বড় ধাক্কা খান। বড় আয়োজনের ক্ষেত্রে টিকা পাস চালু করা নিয়ে তাঁর দলের শ খানেক আইনপ্রণেতা বিদ্রোহ করেন।
জনসনের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছাড়াও গত বছর তাঁর কর্মকর্তাদের করোনাভাইরাস বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ বড় হয়ে ওঠে। এর মধ্যে যুক্ত হয়েছে করোনার নতুন বিপজ্জনক ধরন অমিক্রনের সংক্রমণ ধাক্কা। গত বৃহস্পতিবার দেশটিতে ৮৯ হাজার জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশটিতে টানা দুই দিন করোনা শনাক্তের রেকর্ড হয়েছে।
এর আগে ২০১৯ সালে টরি দল তাদের নিরাপদ আসন হিসেবে বিবেচিত শ্রপশায়ারের নির্বাচনে ২৩ হাজার ভোটে জয় পেয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে সেখানে ৬ হাজার ভোটে হেরেছে দলটি। নির্বাচনে জয়ী লিবারেল ডেমোক্র্যাট দলের প্রার্থী হেলেন মর্গ্যান বলেন, নর্থ শ্রপশায়ারের বাসিন্দারা পুরো দেশের মানুষের হয়ে কথা বলেছেন। তাঁরা উচ্চস্বরে জানিয়ে দিয়েছেন, বরিস জনসনের দলের দিন শেষ।
হেলেন আরও বলেন, ‘আপনার সরকার মিথ্যার আশ্রয় নিয়ে এবং দম্ভোক্তি করে চলে। জবাবদিহি করতে হবে। সরকারকে পরীক্ষা দিতে হবে। সরকারকে চ্যালেঞ্জ জানানো হবে ও পরাজিত করা হবে।’