ব্রেক্সিট ও অভিবাসনে কড়াকড়িতে প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করাকে (ব্রেক্সিট) প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কনজারভেটিভ পার্টির নেতা থেরেসা মে। ওয়েস্ট ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্সে গতকাল বৃহস্পতিবার ঘোষিত এই ইশতেহারে অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ব্রেক্সিট বাস্তবায়নকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে গত এপ্রিল মাসে থেরেসা মে হঠাৎ করেই মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন। আগামী ৮ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাত বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ইশতেহারে কোনো চমক যে থাকবে না, তা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। মাত্র ১৫ মিনিটেই শেষ হয়ে যায় থেরেসা মের ইশতেহার পাঠ। ব্রেক্সিট বাস্তবায়নকে ঘিরে যুক্তরাজ্যের সামনে কতটা কঠিন সময় অপেক্ষা করছে, প্রধানমন্ত্রী তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে অতীতের যেকোনো সময়ের তুলনায় স্থিতিশীল ও শক্তিশালী নেতৃত্ব এখন বেশি জরুরি। একমাত্র কনজারভেটিভ পার্টিই ‘ব্রেক্সিটের ফাঁক গলে ভবিষ্যৎ দেখার’ দৃষ্টি নিয়ে পরিকল্পনা ঘোষণা করেছে বলে দাবি করেন মে।
ইইউর বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি রয়েছে কনজারভেটিভদের ইশতেহারে। বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার বিনিময়ে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোকে বর্তমানে বছরপ্রতি একটি ফি (স্কিল সারচার্জ) দিতে হয়। বিদেশি কর্মী নিয়োগ নিরুৎসাহিত করতে এই ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন থেরেসা মে। বিদেশিদের জন্য স্বাস্থ্যসেবার ফি বাড়ানোর ঘোষণাও রয়েছে এই ইশতেহারে। বিদেশি শিক্ষার্থীদের অভিবাসন হিসাব থেকে বাদ দেওয়ার যে দাবি ছিল, তাও নাকচ করে দেওয়া হয়েছে।
প্রবীণদের দেখাশোনা, প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে খাবার সরবরাহ, মানসিক ব্যাধি মোকাবিলা, স্বাস্থ্যসেবা, আবাসন বিষয়ে নতুন ঘোষণা রয়েছে ইশতেহারে। বেশির ভাগ প্রতিশ্রুতি নিয়েই সমালোচনা উঠেছে যে এগুলো অধিকাংশ মানুষের ভোগান্তি বাড়াবে।
বিরোধী লেবার পার্টি বলছে, কনজারভেটিভরা আর প্রবীণদের বন্ধু নয়। একমাত্র লেবার পার্টিই সাধারণ মানুষের ভরসা। দলটি কয়েক দিন আগে তাদের ইশতেহার ঘোষণা করে।