ব্রেক্সিট কার্যকরে অগ্রগতি নেই
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট নামে পরিচিত) কার্যকর প্রশ্নে তৃতীয় দফা বৈঠক শেষেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসের সংবাদ সম্মেলনে বিপরীতমুখী বক্তব্যই তুলে ধরল উভয় পক্ষ। ইইউর প্রধান সমঝোতাকারী মিশেল বার্নিয়ে বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিষ্পত্তিমূলক কোনো অগ্রগতি হয়নি। উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট রয়ে গেছে জানিয়ে বার্নিয়ে বলেন, ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা থেকে তাঁরা এখনো অনেক দূরে আছেন। বার্নিয়ে বলেন, যুক্তরাজ্যের আচরণে তাঁর কিছুটা ধৈর্যচ্যুতি ঘটেছে, তবে তিনি রাগান্বিত নন। ইইউ নাগরিকদের অধিকার এবং আর্থিক দেনার বিষয়ে দ্বিমত রয়ে গেছে। তবে যুক্তরাজ্যের পক্ষে প্রধান সমঝোতাকারী ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস দাবি করেন, আলোচনায় কিছু সুস্পষ্ট অগ্রগতি হয়েছে। তিনি ইইউকে কিছুটা নমনীয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয় এমন একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন তাঁরা।