ব্রেক্সিট নিয়ে ইইউ নেতাদের মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেক্সিট নিয়ে গতকাল শনিবার যুক্তরাজ্যকে ছাড়া প্রথমবারের মতো আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে মিলিত হলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) অন্য ২৭ দেশের নেতারা। যুক্তরাজ্যের সঙ্গে এই ইস্যুতে আলোচনার ক্ষেত্রে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান বিষয়ে সর্বসম্মতভাবে মতৈক্যে পৌঁছেছেন তাঁরা।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া নিয়ে দেশটির সঙ্গে জোটের দর-কষাকষির আলোচনায় একটি শক্ত কৌশল নির্ধারণের প্রস্তুতির মধ্যে এ সম্মেলনে বসলেন ইইউ নেতারা।
ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সভাপতিত্বে নেতারা ব্রাসেলসে এ শীর্ষ সম্মেলনে বসেন। বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতার খসড়া রূপরেখা অনুমোদন করতে ২৭ দেশের নেতারা ১৫ মিনিটের কম সময় নেন। গত ৩১ মার্চ খসড়াটি প্রকাশ করেছিলেন টাস্ক।
সম্মেলন শুরুর আগে ইইউ নেতারা বলেছিলেন, যুক্তরাজ্যে জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের অধিকার, যুক্তরাজ্যের সঙ্গে আর্থিক লেনদেন ও উত্তর আয়ারল্যান্ড বিষয়ে ব্রেক্সিটের শর্তাবলিতে লন্ডন রাজি হলেই শুধু দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে। গতকাল সম্মেলনস্থলে পৌঁছেই ডোনাল্ড টাস্ক বলেন, ‘২৭ দেশের ইইউকে ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।’
ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর জন্য আর্টিক্যাল ফিফটি সক্রিয় করতে ইইউকে প্রধানমন্ত্রী মের আনুষ্ঠানিক চিঠি হস্তান্তরের এক মাস পর ২৭ দেশের প্রথম আনুষ্ঠানিক সম্মেলন এটি।