ব্রেক্সিট বিল আর নাগরিক অধিকার প্রশ্নে বড় ফারাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) কার্যকর করা নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। এতে বিভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইইউর সঙ্গে যুক্তরাজ্যের দেনা-পাওনা (বিচ্ছেদ বিল) আর নাগরিকদের প্রশ্নে সবচেয়ে বড় ফারাক প্রতীয়মান হয়েছে।

দ্বিতীয় দফায় দুই দিনব্যাপী আলোচনা শেষে গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে এক যৌথ সংবাদ সম্মেলনে আলোচনার বিস্তারিত তুলে ধরেন যুক্তরাজ্যের পক্ষে সমঝোতাকারী ডেভিড ডেভিস ও ইইউর পক্ষে মিশেল বার্নিয়ে।

যুক্তরাজ্য গত প্রায় ৪৪ বছর ধরে ইইউর সদস্য। ইইউর দাবি, এই জোটের আর্থিক ঋণ ও বকেয়া দেনার ন্যায্য অংশ যুক্তরাজ্যকে পরিশোধ করতে হবে। সেই অর্থের পরিমাণ কোন পদ্ধতিতে ঠিক করা হবে, তা নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত নিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন বার্নিয়ে। এটাই হচ্ছে বিচ্ছেদ বিল। এই বিলের পরিমাণ ৭৫ বিলিয়ন ইউরো (৬৭ বিলিয়ন পাউন্ড) হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য অবশ্য আর্থিক দেনার বিষয়টি স্বীকার করে নিয়েছে। তবে সেটি কত এবং কীভাবে ঠিক করা হবে, তা নিয়ে সুস্পষ্ট অবস্থান জানায়নি।

সমঝোতার ক্ষেত্রে যুক্তরাজ্যে অবস্থানরত ইইউভুক্ত বাকি দেশগুলোর নাগরিকদের অধিকার নিয়ে আরেকটি বড় ফারাক দেখা দিয়েছে। প্রায় ৩৩ লাখ ইইউ নাগরিক যুক্তরাজ্যে অবস্থান করছে। আবার ১২ লাখ ব্রিটিশ নাগরিক আছে ইইউর অন্য দেশগুলোতে। ইইউ বলছে, ইউরোপীয় আদালতের অধীনে যুক্তরাজ্যে ইইউ নাগরিকদের অধিকার সুরক্ষা করতে হবে। যুক্তরাজ্য এটিকে ইইউর অনেক বড় চাওয়া হিসেবে আখ্যায়িত করেছে। ইউরোপীয় আদালতের অধীনতা পুরোদমে ত্যাগ করতে চায় যুক্তরাজ্য।

ইইউ আরও বলেছে, ব্রেক্সিট কার্যকরের দিন (২৯ মার্চ, ২০১৯) পণ্য ও লোকজনের পারাপার নিয়ে সৃষ্ট সমস্যাগুলো ইউরোপীয় আদালতের মাধ্যমেই সমাধান করতে হবে। যুক্তরাজ্যের যেসব মামলা ইউরোপীয় আদালতে বিচারাধীন আছে, বিচ্ছেদের পরও ওই সব মামলা সেখানেই সমাধান চায় তারা।

বিচ্ছেদের পর ইইউভুক্ত দেশে থেকে যাওয়া ব্রিটিশ নাগরিকেরা ওই জোটের অন্য দেশগুলোতে মুক্ত চলাচলের অধিকার পাবেন কি না, তা নিয়েও আছে মতপার্থক্য। দ্বিমত আছে যুক্তরাজ্যের অঙ্গ নর্দান আয়ারল্যান্ড ও ইইউর সদস্য স্বাধীন আয়ারল্যান্ডের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও।

এ ছাড়া স্থায়ী হতে ইচ্ছুক ইইউ নাগরিকদের অপরাধের বৃত্তান্ত (ক্রিমিনাল রেকর্ড) যাচাই করতে চায় যুক্তরাজ্য। এমন ঢালাও যাচাইয়ের বিরোধিতা করে ইইউ বলেছে, কেবল যৌক্তিক সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে তা করা যেতে পারে।

ইইউর পক্ষ থেকে বেশ আগেই জানিয়ে দেওয়া হয়েছে, উল্লিখিত বিষয়গুলোতে সমঝোতা হতে হবে আগে। তবেই তারা যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করবে। অক্টোবরের মধ্যে এসব বিষয়ে সমাধান চায় ইইউ। মাসে চার দিন করে চলবে এই বিচ্ছেদ সমঝোতা।