ব্রেক্সিট: যুক্তরাজ্য-ইইউ আলোচনা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক আলোচনা আজ সোমবার ব্রাসেলসে শুরু হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অত্যন্ত জটিল এই প্রক্রিয়া মাত্র দুই বছরের মধ্যে শেষ করার কাজটা বেশ কঠিন হবে।

যুক্তরাজ্যে চলতি মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে স্পষ্টত বেকায়দায় পড়েছেন। তবু তাঁর সরকার গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত ব্রেক্সিট আলোচনার প্রতিশ্রুতি পূরণের পথেই হাঁটার ঘোষণা দিয়েছে। প্রথম দিনের আলোচনায় যুক্তরাজ্যের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস এবং ইইউর পক্ষে প্রধান সমঝোতাকারী হিসেবে ফ্রান্সের মিশেল বার্নিয়ে অংশ নেবেন। ব্রিটিশ সরকার গত শনিবার বলেছে, ব্রেক্সিট নিয়ে সম্ভাব্য জটিলতা সামাল দিতে তারা আইনসভায় দুই বছরব্যাপী এক বিরল অধিবেশন চালু রাখবে।

অভিবাসন সংকট এবং সার্বভৌমত্ব হারানোর আশঙ্কায় ব্রিটিশরা গত বছর গণভোটে ২৮টি ইউরোপীয় দেশের জোট ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়। তখনকার সরকার ইউরোপীয় একক বাজার পরিত্যাগ এবং ইইউ থেকে অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে কথিত ‘হার্ড ব্রেক্সিট’ বাস্তবায়নের নীতি নেয়। তবে ৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে থেরেসা মের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠনের পর আগের সেই কঠোর অবস্থান থেকে সরে আসতে পারে। সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মে ক্ষমতায় টিকে থাকলেও উত্তর আয়ারল্যান্ডের অতি-রক্ষণশীল দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থন জোগাড় করার আলোচনায় এখনো কোনো সুরাহায় পৌঁছাতে পারেননি। ৬৫০ আসনের হাউস অব কমন্সে কনজারভেটিভ পার্টির এখন মাত্র ৩১৭টি আসন আছে। জোট সরকার গঠনের জন্য দলটির এখন ডিইউপি থেকে নির্বাচিত ১০ জন আইনপ্রণেতার সমর্থন দরকার।

যুক্তরাজ্যে তিন মাসে তিনটি সন্ত্রাসী হামলা এবং লন্ডনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনায় ‘বেদনাময়’ পরিস্থিতি বিরাজ করছে বলে রানি দ্বিতীয় এলিজাবেথ মন্তব্য করেছেন। এমন অবস্থায় ব্রিটিশ সরকার ব্রেক্সিট নিয়ে তুলনামূলক নমনীয় অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছে। কনজারভেটিভ নেতাদের অনেকে এ বিষয়ে সরকারকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ ক্ষেত্রে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের জোরালো মতামত বিবেচনায় আসতে পারে। যুক্তরাজ্যের ওই দুই অংশে ইউউতে থেকে যাওয়ার পক্ষেই জনসমর্থন বেশি। স্কটিশ কনজারভেটিভ পার্টির নেতা রাথ ডেভিডসন স্কটল্যান্ডের ১৩টি আসনে জয়ের পর আগের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছেন। তিনি সম্প্রতি বলেছেন, যুক্তরাজ্যের এখন ব্যবসায়িক স্বাধীনতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।

তবে অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড গতকাল রোববার বলেছেন, যুক্তরাজ্য ইইউ ত্যাগের পথেই থাকবে।