ব্রেক্সিটের বিরুদ্ধে একজোট জি-৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর অর্থমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া বা ব্রেক্সিটের বিরুদ্ধে এক জোট হয়েছেন। এ ক্ষেত্রে কিছু করার সুযোগ কম থাকলেও এসব দেশের নেতারা ব্রেক্সিটের বিপক্ষে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে আহ্বান জানিয়েছেন, তাতে তাঁরা সম্মত হয়েছেন।
ইইউতে থাকা না-থাকা প্রশ্নে ব্রিটেনের গুরুত্বপূর্ণ গণভোট এখন প্রধান ইস্যু বিশ্ব বাজার ও নীতিনির্ধারকদের জন্য। আগামী ২৩ জুনের গণভোটে ব্রিটেনবাসী কী করেন, তার দিকেই চেয়ে আছেন তাঁরা।
গত শুক্রবার জাপানের উত্তর-পূর্বের সেন্দাইয়ে জি-৭-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকারদের একটি বৈঠকে ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নেন সদস্যরাষ্ট্রের মন্ত্রীরা।
ওই বৈঠকের বাইরে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের অর্থমন্ত্রী মিশেল সাপ্পা গতকাল শনিবার বলেন, ‘ইইউ থেকে চলে গেলে কী হবে, তা নিয়ে জি-৭-এ আলোচনাই হয়নি। আমরা ব্রিটেনকে ইইউ রাখতে সহায়তা দেওয়ার উপায় নিয়ে কথা বলেছি।’ তাঁর মতে, ব্রেক্সিট ভয়াবহ পরিণতি টেনে আনতে পারে। এটি ব্রিটেন ও ইউরোপের জন্য খারাপ হতে পারে। কারণ বিনিয়োগকারীরা সন্দিহান হলে মূলধনের প্রবাহে তা প্রভাব ফেলতে পারে।
কানাডার অর্থমন্ত্রী বিল মরনা বলেন, ‘ব্রেক্সিটের ঝুঁকিতে আমরা স্পষ্টতই সমবেতভাবে উদ্বিগ্ন এবং বিশ্বাস করি যে অর্থনীতিতে এর কিছু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আর জার্মানির অর্থমন্ত্রী ওয়েফগাং সোয়েব্লা বলেন, জি-৭ সদস্যরা একমত যে ব্রেক্সিট ভুল সিদ্ধান্ত হবে।