বড় ধরনের সাইবার হামলা ঠেকানোর দাবি রাশিয়ার
রাশিয়া বলেছে, তাদের অর্থব্যবস্থায় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বড় ধরনের সাইবার হামলার পরিকল্পনা করেছিল। সেটি নস্যাৎ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দেশটির কর্মকর্তারা এ দাবি করে বলেছেন, চলতি মাসেই এ হামলার পরিকল্পনা ছিল বিদেশি গুপ্তচরদের।
রুশ নিরাপত্তা বিভাগ এফএসবি এক বিবৃতিতে বলেছে, ৫ ডিসেম্বর থেকে এ হামলা চালানোর বিষয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর এক পরিকল্পনার কথা তারা জানতে পারে। বেশ কয়েকটি বড় ব্যাংকসহ রাশিয়ার অর্থব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলাই ছিল এ পরিকল্পনার লক্ষ্য।
এফএসবি বলেছে, রাশিয়ার অর্থনীতি ও তথ্যনিরাপত্তার ওই হুমকি কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। রাজধানী মস্কোভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি গত নভেম্বরে জানায়, রাশিয়ার অন্তত পাঁচটি বৃহৎ ব্যাংকে বড় রকমের সাইবার হামলা চালানোর ঘটনা ঘটেছে। এই খবরের পর সাইবার হামলার পরিকল্পনা নস্যাৎ করার এ দাবি করা হলো।
ক্যাসপারস্কি আরও বলেছিল, যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশ থেকে রাশিয়ার ব্যাংকগুলোতে ওই সাইবার হামলা চালানো হয়েছে। রাশিয়ার বৃহত্তম ঋণদাতা ব্যাংক রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘এসবারব্যাংক’ এ কথা স্বীকার করলেও বলেছে, তাতে তার কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি।