ভবিষ্যৎ নিয়ে সংশয়ে তুর্কি তরুণেরা

তুরস্কের সেনাবাহিনীর একটি অংশের অভু্যত্থান চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এ প্রেক্ষাপটে দেশটির ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রজন্ম কী ভাবছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে কয়েকজনের সঙ্গে আলাপ করেছে আল জাজিরা—
৩৫ বছর বয়সী প্রকৌশলী উগুর উস্তান বলেন, মানুষ যে রাস্তায় নেমেছে, তা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক ঘটনা। দেশে সম্ভাব্য যেসব রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে, সেগুলোর মধ্যে সামরিক আইন ও শরিয়া আইন নিয়েই জনগণের ভয় সবচেয়ে বেশি। সর্বশেষ অভ্যুত্থানচেষ্টার পর দেশের ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতারা পার্লামেন্টে ঐক্যবদ্ধ হয়েছেন। রাজনৈতিক বিভেদে পূর্ণ একটি দেশে এ রকম মতৈক্য খুবই ইতিবাচক। সংশয়বাদীরা অবশ্য বলছেন, এই ব্যর্থ অভ্যুত্থানের সুফল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঝুলিতেই জমা হবে।
ইস্তাম্বুলের ৩৩ বছর বয়সী স্থপতি পিনার আরসলান বলেন, ‘যা ঘটেছে, তাকে একটা প্রাপ্তি হিসেবে দেখার লোকজন অনেক আছে। তারা এটা নিয়ে হয়তো সন্তুষ্টও হবে। তবে পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। অভ্যুত্থানচেষ্টার সমর্থক কিংবা বিরোধী—দুই পক্ষের লোকজনের কাছ থেকেই দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক কিছু পাওয়ার আশা করার সুযোগ নেই। দেশ নিয়ে আশার কিছু দেখি না। স্পষ্টত রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশের শাসনব্যবস্থা পাল্টে প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছেন।’
একই শহরের একটি সংবাদমাধ্যমের সম্পাদক ৩২ বছর বয়সী আলি হালিত দিকার বলেন, দেশের সর্বশেষ ঘটনা দেখে তিনি মানসিকভাবে প্রচণ্ড ধাক্কা খেয়েছেন। তিনি ভাবতেই পারেন না—২০১৬ সালে এমনটা ঘটতে পারে। ইন্টারনেটে সেনাসদস্যদের জনতার মারধর করার খবর ও ছবির ছড়াছড়ি। জনগণকে এভাবে রাস্তায় নামার আহ্বান করাটা বিপজ্জনক। সবাইকে শান্ত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইস্তাম্বুলেই জনসংযোগের কাজ করেন ৩২ বছর বয়সী গুলিন রাহভানসি। তিনি বলেন, ‘সারা রাত আতঙ্কের মধ্যে কাটিয়েছি। এ দেশে নিজেদের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন করেছি পরস্পরকে। তুরস্কে সাধারণ নাগরিকদের প্রাণনাশের আশঙ্কা দিনে দিনে বাড়ছে। এ দেশের ভবিষ্যৎ নিয়েও আশা হারিয়ে ফেলছি আমরা। দেশীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো আস্থা রাখতে পারি না। জানি না, কী ঘটতে চলেছে।’
একই ধরনের আশঙ্কা জানালেন ৩৪ বছর বয়সী সফটওয়্যার প্রোগ্রামার কান সেন। তিনি বলেন, তুরস্কের ওপর এখন ভেতরে-বাইরে থেকে নানা রকমের উসকানি আসতে পারে। মনে হয় না পরিস্থিতির উন্নতি হবে। বরং উল্টোটাই ঘটার আশঙ্কা বেশি। সরকার-সমর্থকেরা ‘গণতন্ত্র’ রক্ষার নামে নিম্ন পদের সেনাসদস্যদের গলা কেটেছে।
ইস্তাম্বুলে কর্মরত ৩৫ বছর বয়সী হিসাবরক্ষক কেরেম সেভিক বলেন, অভ্যুত্থানের চেষ্টাকারীরা তুরস্কের অনেক ক্ষতি করেছে। এক অর্থে তারা সরকারকেই সাহায্য করেছে। কারণ, সরকার এখন আরও কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ নেবে।