ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রিতে আশাবাদ ওলাঁদের
ভারতের কাছে রাফায়েল যুদ্ধবিমান বিক্রির চুক্তির বিষয়ে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ফ্রান্স সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল শুক্রবার বৈঠকের আগে এ কথা বলেন ওঁলাদ। যুদ্ধবিমান কিনতে চুক্তি করা মোদির এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। খবর এএফপির।
নরেন্দ্র মোদি চার দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সে পৌঁছান। ফরাসি পত্রিকা লো মঁদ গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ভারত ৭২০ কোটি ইউরো মূল্যে ফ্রান্সের কাছ থেকে ৬২টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করার জোর চেষ্টা করছে। আজ শনিবার এই বিমান কেনার বিষয়ে ঘোষণা আসতে পারে।
ভারতে ফ্রান্সের বিনিয়োগ আকর্ষণও মোদির এই সফরের অন্যতম লক্ষ্য। মোদি ওলাঁদের সঙ্গে বৈঠকের আগে ফ্রান্সের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন।
প্রেসিডেন্ট ওলাঁদের সঙ্গে মোদির বৈঠকের সময় দুই দেশের মধ্যে ১০টি চুক্তি স্বাক্ষরিত হবে। ফ্রান্স থেকে তিনি জার্মানি এবং তার পরে কানাডা যাবেন।