ভিয়েনায় করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বড় বিক্ষোভ

ভিয়েনায় বিক্ষোভ মিছিলে হাজারো মানুষছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। টিকা বাধ্যতামূলক করা এবং যাঁরা টিকা নেয়নি, তাঁদের ঘরে থাকার নিয়ম জারির বিরুদ্ধে এ বিক্ষোভ হয়। খবর রয়টার্সের।

গত সপ্তাহে সেখানে বিক্ষোভে প্রায় ৪৪ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিল ঘিরে প্রায় ১ হাজার ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল।

পুলিশ বলেছে, আগুন জ্বালানো এবং মাস্ক পরতে রাজি না হওয়ার কারণে তিনজনকে আটক করা হয়েছে। হেলডেনপ্লাটজ স্কয়ার এলাকায় বিক্ষোভ মিছিলের খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদের দিকে বরফের বল ছুড়ে মারা হয়।

ভিয়েনায় করোনাভাইরাসের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন মানুষ
ছবি: রয়টার্স

অস্ট্রিয়ার রক্ষণশীল ফ্রিডম পার্টির নেতা হার্বাট কিকলের ডাকে বিক্ষোভকারীরা জড়ো হন। বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন হার্বাট। ক্লাগেনফার্ট এলাকায় করোনার বিধিনিষেধের প্রতিবাদে প্রায় আড়াই হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। লিৎনজ এলাকায় প্রায় দেড় শ মানুষ বিক্ষোভ করেন।

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়াই প্রথম দেশ, যারা গত মাসে লকডাউন আরোপ করে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে দেশটিতে টিকা নেওয়া বাধ্যতামূলক করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

ভিয়েনায় বিক্ষোভ মিছিলে ব্যানারে লেখা ছিল ‘বাধ্যতামূলক টিকাকে “না” বলুন’। অস্ট্রিয়ার জনসংখ্যা মাত্র ৮৯ লাখ। গত বছর মহামারি শুরুর সময় থেকে এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ১২ লাখ মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি মানুষের।