ভীতির বদলে আশার জয় হয়েছে: সাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদিক খানকে ‘উগ্রবাদী’, ‘চরমপন্থী’ উল্লেখ করে রক্ষণশীল দলের অনেকেই প্রচার চালিয়েছিলেন। বলেছিলেন, সাদিকের হাতে লন্ডন নিরাপদ থাকবে না। পাল্টা আঘাত না করে নীরব থেকেছিলেন বিরোধী দল লেবার পার্টির এই প্রার্থী।
শুক্রবার মাঝরাতে বিজয়ী ভাষণ দেওয়ার সময়ও বিষয়টি নিয়ে তেমন কিছু বলেননি সাদিক খান।
বিজয়ী ভাষণে সাদিক বলেন, ‘লন্ডনের বাসিন্দারা আজ ভয়ের পরিবর্তে আশাকে বেছে নিয়েছেন। তাঁরা বিভাজনের পরিবর্তে ঐক্যকে গুরুত্ব দিয়েছেন।’ তিনি বলেন, ‘ভয় আমাদের নিরাপদ করে না। এটা কেবলই আমাদের দুর্বল করে। ভয়ের রাজনীতিকে লন্ডন কখনো স্বাগত জানায় না।’ ধনী-গরিব, বিশ্বাসী-অবিশ্বাসী, শ্বেতাঙ্গ-অশ্বেতাঙ্গ সব মানুষের মেয়র হওয়ার ঘোষণা দেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান।
ইসলামের নামে সন্ত্রাসবাদ নিয়ে যখন বিশ্বজুড়ে হইচই চলছে, ইউরোপের দেশগুলোতে মুসলিমদের নিয়ে বিতর্ক যখন তুঙ্গে—এমন পরিস্থিতির মধ্যে লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন সাদিক। ইউরোপের মহানগরগুলোতেই সাদিকই প্রথম মুসলিম মেয়র। গত বৃহস্পতিবার লন্ডনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাদিক খান বলেন, একজন বাসচালকের সন্তান হিসেবে তিনি কখনো স্বপ্ন দেখেননি যে তিনি লন্ডনের মেয়র হবেন। তিনি বলেন, ‘বাবা বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি আনন্দিত হতেন।’ গতকাল শনিবার সকালেই মেয়র হিসেবে শপথ নিয়েছেন সাদিক।
বাসচালকের সন্তান হয়ে সাদিকের লন্ডনের মেয়র হওয়ার ঘটনাটিকে একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। তবে থেমে নেই ‘মুসলিম মেয়র’ বিতর্ক। সাদিকের বিজয় ভাষণের সময় মঞ্চে থাকা বর্ণবাদী দল ‘ব্রিটেন ফাস্টের’ প্রার্থী পল গোল্ডিং প্রত্যাখানের নমুনাস্বরূপ উল্টো দিকে ফিরে থাকেন।
বৃহত্তর সমাজে এমন বর্ণবাদী আচরণ ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। সাদিকের বিরুদ্ধে প্রচার কৌশলের কারণে খোদ নিজ দলেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন রক্ষণশীল দলের প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ।