ভূমধ্যসাগর থেকে দুই হাজার অভিবাসী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদসংকুল সাগরপথে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী নারী, শিশুসহ আরও দুই হাজারের বেশি মানুষ উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরের লিবীয় উপকূলের কাছ থেকে গত শনিবার তাদের উদ্ধার করা হয়। এ অভিযানে ইতালি, আয়ারল্যান্ড ও জার্মানির জাহাজ অংশ নেয়। এ ছাড়া একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ আরও অন্তত ৫০০ অভিবাসনপ্রার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। খবর রয়টার্সের।
উদ্ধার করা অভিবাসনপ্রার্থীর সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ইতালির উপকূলরক্ষী বাহিনী। তবে এ সংখ্যা দুই হাজারের বেশি হবে। অভিযানে বেশ কয়েকটি জাহাজ অংশ নেয় বলে জানানো হয়েছে।
ইতালির নৌবাহিনীর জাহাজ শনিবার ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে নারী, শিশুসহ অন্তত ৫৬০ জনকে উদ্ধার করে। আয়ারল্যান্ডের জাহাজ উদ্ধার করে আরও ৩১০ জন। কাঠের তৈরি পাঁচটি নৌকায় করে তারা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল।
এদিকে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস বুলওয়ার্কেরও অভিবাসনপ্রার্থীদের উদ্ধারের চেষ্টা করার কথা। এ জাহাজটি গত মাসে এক হাজার ৮০০ মানুষকে উদ্ধার করে।