ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার অভিবাসীদের খোঁজ ও উদ্ধারের তহবিল তিন গুণ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও ইইউর সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রনটেক্স। তবে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিবাসী সংকট মোকাবিলায় ইইউর পদক্ষেপ যথেষ্ট নয়। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
ভূমধ্যসাগরে এ সপ্তাহের ভয়াবহ নৌযানডুবির ঘটনায় কয়েক শ অভিবাসীর মৃত্যুর প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসেন ইইউভুক্ত দেশগুলোর নেতারা। তাঁরাই তহবিল বৃদ্ধির ওই সিদ্ধান্ত নেন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদসহ ইউরোপের শীর্ষ নেতারা।
তহবিল বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা গতকাল শুক্রবার বলেছে, ভূমধ্যসাগরে অভিবাসীদের প্রাণ রক্ষায় এটা ‘ইউরোপের সামষ্টিক তৎপরতা প্রশ্নে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জোটের সীমান্ত সংস্থা ফ্রনটেক্সও।
‘যথেষ্ট নয়’: মানবাধিকার সংগঠনগুলো বলছে, ভূমধ্যসাগরের অভিবাসী সংকট মোকাবিলা করতে ইইউর পদক্ষেপ যথেষ্ট নয়। এইচআরডব্লিউ, অ্যামনেস্টি এবং সেভ দ্য চিলড্রেন সবাই সাগরে উদ্ধারকারী জাহাজের টহল এলাকা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
ক্যাপ্টেন আদালতে: এদিকে ডুবে যাওয়া নৌযানটির অভিযুক্ত ক্যাপ্টেন ইতালির সিসিলি দ্বীপের একটি আদালতে হাজিরা দিয়েছেন। সাড়ে সাত শ অভিবাসী বহনকারী নৌযানটির যে মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, মোহাম্মদ আলী মালেক নামের ওই তিউনিসিয়ান নাগরিক তাদের একজন।