ভূমধ্যসাগরে ডুবে নিহত অভিবাসীদের অন্ত্যেষ্টিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরে নৌযানডুবির ঘটনায় নিহত আনুমানিক ৮০০ অভিবাসীর স্মৃতির প্রতি গতকাল বৃহস্পতিবার শেষ শ্রদ্ধা জানিয়েছে দ্বীপরাষ্ট্র মাল্টা। এর মধ্যে ২৪ জনের অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
লিবিয়ার উপকূলে গত শনিবার মধ্যরাতে ওই নৌযানডুবির ঘটনা ঘটে। ইতালির কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ২৪টি মৃতদেহ উদ্ধার করে মাল্টায় নিয়ে যায়।
নিহত ব্যক্তিদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহের কফিন গতকাল মাল্টার মাতের দেই হাসপাতালের বাইরে লালগালিচার ওপরে রাখা হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আন্তধর্মীয় শেষকৃত্য। এতে নেতৃত্ব দেন একজন ইমাম ও একজন খ্রিষ্টান যাজক। শেষকৃত্য শেষে সমাহিত করার জন্য কফিনগুলো নিয়ে যায় মাল্টার সেনাবাহিনী।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন মাল্টার কর্মকর্তাদের পাশাপাশি ইউরোপীয় কমিশনার দিমিত্রিস আভ্রামোপুলোস, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্জেলিনো আলফানো এবং গ্রিসের সংহতিমন্ত্রী থিয়ানো ফোতিও।