ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানে বাংলাদেশি ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরে গত শনিবার কয়েক শ অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌযান থেকে জীবিত উদ্ধার করা যাত্রীদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। ইতালির কাতানিয়ার আইনি প্রতিনিধিদের তথ্যের বরাত দিয়ে আজ সোমবার সিএনএনের খবরে এ কথা জানানো হয়। তাঁর নাম-পরিচয়ের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

বাংলাদেশি ওই অভিবাসী কাছ থেকে নৌযানের ঘটনা সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়ার দাবি করেছেন ইতালির আইনি প্রতিনিধিরা। এএফপির খবরে জানানো হয়, ওই অভিবাসীকে হেলিকপ্টারে করে সিসিলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশি ওই অভিবাসীর তথ্যমতে, সমুদ্রে কয়েকদিন কাটানোর পর গত শনিবার রাতে নৌযান থেকে দূরবর্তী সংকেত পাঠানো হয়।

উদ্ধারকারীদের বরাত দিয়ে কর্তৃপক্ষ জানায়, বাঁচার আশায় অভিবাসীরা নৌকার এক দিকে সরে গেলে নৌযানটি ডুবতে শুরু করে। অনেকে আবার বাঁচার আশায় সাগরে ঝাঁপ দেন। এতে তাঁদের বাঁচার আশা ক্ষীণ হয়ে পড়ে।
বাংলাদেশি ওই অভিবাসীর তথ্যমতে, নৌযানটিতে ৯৫০ জন যাত্রী ছিলেন। ইতালীয় উদ্ধার-কর্মীদের সঙ্গে থাকা মাল্টা কর্তৃপক্ষ শুরুর দিকে জানিয়েছিল নৌযানটিতে ৭০০ জন অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

নৌযানটিতে বাংলাদেশি ছাড়াও আলজেরিয়া, মিসর, সোমালিয়া, নাইজার, সেনেগাল, মালি, জাম্বিয়া ও ঘানার নাগরিক ছিলেন।

ইতালির কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, ইতালীয় জাহাজ, প্রতিবেশী মাল্টার নৌবাহিনী এবং কিছু বাণিজ্যিক জাহাজ একযোগে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সব মিলিয়ে ২০টি জাহাজ ও তিনটি হেলিকপ্টার এই অভিযানে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৪ জনের লাশ পাওয়া গেছে।

ভূমধ্যসাগর দিয়ে কয়েক দশক ধরেই এভাবে অভিবাসীরা বিপজ্জনকভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। ইরাক, সিরিয়া ও লিবিয়া সংকটের জের ধরে সাম্প্রতিক সময়ে এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপীর দেশগুলোতে যাওয়ার ঘটনা বেড়েছে। বিশেষ করে বছরের এই সময়ে সাগর কিছুটা শান্ত থাকায় বিভিন্ন আকারের ঝুঁকিপূর্ণ নৌযানে করে শত শত মাইল দূরের ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে অভিবাসীরা।