ভূমধ্যসাগরে দুটি নৌকা ডুবে ২০০ জনের প্রাণহানি

ভূমধ্যসাগরে ইঞ্জিনচালিত দুটি নৌকা ডুবে ২০০ জনের বেশি লোকের প্রাণহানি হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানায়।
ইতালিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের মুখপাত্র কারলোতা সামি তাঁর টুইটার অ্যাকাউন্টে এই দুর্ঘটনাকে ‘ভয়ানক ও মহা বিয়োগান্ত ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, চারদিন পর সাগর থেকে নয়জনকে রক্ষা গেছে। আর ২০৩ জন ঢেউয়ে ভেসে গেছেন।
অভিবাসীসংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানায়, অভিবাসীরা দুটি নৌকায় করে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। গত শনিবার নৌকা দুটি লিবিয়া উপকূল ছেড়ে যায়।
আইওএম জানায়, প্রত্যেকটি নৌকায় ১০০ জনের বেশি যাত্রী ছিলেন। সম্ভবত গত সোমবার নৌকা দুটি ডুবে যায়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া নয়জনের সবাই ফরাসি ভাষায় কথা বলেন। তাই ধারণা করা হচ্ছে তাঁরা পশ্চিম আফ্রিকার বাসিন্দা।
ইতালি সরকারের পক্ষ থেকে লিবিয়ান উপকূলে জলসীমায় তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।