ইউরোপে অভিবাসীর স্রোত ঠেকাতে একটি নৌবাহিনী গঠন এবং ভূমধ্যসাগরে নৌ অভিযানের পক্ষে সম্মতি দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অভিযানের আওতায় লিবিয়াভিত্তিক মানব পাচারকারীদের ব্যবহৃত নৌযানগুলো ধ্বংস করা হবে। আগামী মাস থেকে এই অভিযান শুরু হবে। খবর এএফপি ও বিবিসির।
বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল সোমবার ইইউর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। নৌবাহিনীর সদর দপ্তর হবে ইতালির রোমে।
বৈঠক শেষে ইইউর পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান ফেডারিকা মোঘারিনি বলেন, ‘মানব পাচারকারী ও চোরাকারবারিদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে ইইউর নৌ অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’ এই অভিযানের অংশ হিসেবে ভূমধ্যসাগরে উত্তর আফ্রিকার উপকূলজুড়ে ইইউর যুদ্ধজাহাজ ও পর্যবেক্ষণ বিমান মোতায়েন করা হবে। তবে এ ব্যাপারে জাতিসংঘের সম্মতি নিতে হবে ইইউকে।
সাম্প্রতিক মাসগুলোতে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে অভিবাসী আগমন এবং পানিতে ডুবে প্রাণহানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রেক্ষাপটে ইইউর বিভিন্ন পদক্ষেপের অংশ এটি। চলতি বছরে ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন ১ হাজার ৮০০-এর বেশি অভিবাসী। ২০১৪ সালে একই সময়ের চেয়ে সংখ্যাটা ১৮ গুণ বেশি।
ভূমধ্যসাগরে ইইউর নৌ অভিযানের মূল লক্ষ্য হবে ভূমধ্যসাগর-কেন্দ্রিক মানব পাচারকারীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে ওঠা ব্যবসার মডেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
তবে বিশৃঙ্খলাপূর্ণ লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী একাধিক সরকার থাকায় কাজটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহে জাতিসংঘে এ বিষয়ে ব্রিফ করে আসা মোঘারিনি বলেছিলেন, লিবিয়ার জলসীমায় সামরিক অভিযান পরিচালনা-সংক্রান্ত ইইউর পরিকল্পনার ব্যাপারে ‘বড় ধরনের কোনো রাজনৈতিক বিরোধিতা’ তিনি দেখতে পাচ্ছেন না; যদিও জাতিসংঘে লিবিয়ার রাষ্ট্রদূত এরই মধ্যে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।