ভূমধ্যসাগরে ৪২০০ অভিবাসন-প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টাকালে গতকাল শুক্রবার চার হাজার ২০০ জন অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। নৌযানে ১৭ জনের লাশ পাওয়া গেছে। উদ্ধার কাজে সমন্বয় করেছে ইতালির কোস্টগার্ড।
দেশটির কোস্টগার্ডের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, তারা গতকাল ২২টি পৃথক নৌযান থেকে সহায়তার জন্য ডাক পান।
ইতালির একটি পত্রিকা জানিয়েছে, লিবিয়ার উপকূলের কাছ থেকে অধিকাংশ অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন-প্রত্যাশী গত ২৪ ঘণ্টায় উদ্ধার হয়। এর আগে গত ১২ এপ্রিল তিন হাজার ৭৯১ জন এবং ২ মে তিন হাজার ৬৯০ জন ইউরোপ অভিমুখী অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করা হয়।
ইতালির নৌবাহিনী টুইটারে জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় তিনটি নৌযান থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি দেশটির নৌবাহিনী।
গতকালের ঘটনার আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজার ৮২৬ জন মারা গেছে।
জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় ৪০ হাজার অভিবাসন-প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে।