ভোটের আগের দিন ম্যাখোঁর প্রচার তথ্য চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্রান্সের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ রোববার। ভোটের আগের দিন মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাখোঁর প্রচারশিবির থেকে অভিযোগ তোলা হলো, তাঁদের বাধা দিতে কম্পিউটারে ‘বড় ধরনের’ হ্যাকিং বা তথ্য চুরির মাধ্যমে হাজারো ই-মেইল ফাঁস করে দেওয়া হয়েছে। এ বিষয়ে ফরাসি কর্তৃপক্ষ গতকাল শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফাঁস হওয়া তথ্য নির্বাচনের প্রাক্কালে কেউ প্রচার করলে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত হবেন।
ইউরোপের ঐক্যপন্থী ম্যাখোঁর প্রচারদল ওই ‘ব্যাপক ও সমন্বিত’ হ্যাকিংয়ের নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, হ্যাকিংয়ে জড়িত ব্যক্তিরা জনসাধারণকে বিভ্রান্ত করতে আসল তথ্যের সঙ্গে নকল তথ্য মিশিয়ে সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে প্রকাশ করেছে। এটা স্পষ্ট যে রোববার অনুষ্ঠেয় নির্বাচনের আগে ম্যাখোঁর অবস্থান দুর্বল করার লক্ষ্যে এমন কাজ করা হয়েছে। কয়েক সপ্তাহ আগেই এসব হ্যাকিং হয়েছে। প্রচারাভিযানে যুক্ত বেশ কয়েকজনের ব্যক্তিগত ও পেশাগত ই-মেইলের তথ্য চুরি গেছে।
প্রথম দফার ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থীর একজন ম্যাখোঁ। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতিক মারিন লো পেন। সর্বশেষ জনমত জরিপে তাঁর তুলনায় ম্যাখোঁ বেশ খানিকটা এগিয়ে আছেন। টেলিভিশন বিতর্কেও তিনি লো পেনকে পেছনে ফেলেছেন। নির্বাচনের মাত্র এক দিন আগে তাঁর প্রচারবিষয়ক ই-মেইল হ্যাকিংয়ের মাধ্যমে অনলাইনে ফাঁস করার অভিযোগ বিস্তর আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনামা দলিলপত্র বিনিময়ের একটি ওয়েবসাইট এ বিষয়ে প্রায় ৯ গিগাবাইট পরিমাণ তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। এ জন্য কে দায়ী অথবা প্রকাশিত তথ্য আসল কি না, তা স্পষ্ট নয়। তবে ম্যাখোঁর প্রচার সহযোগীরা তাঁদের তথ্য চুরির (হ্যাকিং) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ফরাসি আইনে নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন মন্তব্য থেকে বিরত থাকার বিধান রয়েছে।
নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, তারা ম্যাখোঁর প্রচার-সহযোগীদের অভিযোগ নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে। তারা ফাঁস হওয়া বিভিন্ন ই-মেইলের বিস্তারিত বিবরণ সংবাদমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী প্রচারাভিযান শেষ হয়েছে। এখন এ ধরনের প্রকাশনা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগে হিলারি ক্লিনটনের প্রচার অভিযানের বহু ই-মেইল একইভাবে হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হিলারির পরাজয়ের জন্য তাঁর সমর্থকদের কেউ কেউ ওই হ্যাকিংয়ের ঘটনাকে আংশিক দায়ী করেন।
প্রথম দফায় লো পেন ২১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। আর প্রথম স্থান অধিকারী ম্যাখোঁ ২৩ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছিলেন। তিনি লো পেনের তুলনায় রাজনীতিতে অনভিজ্ঞ। নির্বাচিত হলে ম্যাখোঁ হবেন ফ্রান্সের সবচেয়ে কম বয়সী (৩৯) প্রেসিডেন্ট। সাবেক এই ব্যাংকার বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি গত আগস্টে মন্ত্রিসভা ত্যাগ করে নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করেন। এক বছরে ম্যাখোঁর দল অঁ মার্শ আড়াই লাখ সদস্য পেয়েছে।