ভ্যান গগ ও ক্লদ মনের ছবি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের পুলিশ বলেছে, মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি-বিষয়ক দুর্নীতি মামলা তদন্তের অংশ হিসেবে তারা বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ ও ক্লদ মনের আঁকা তিনটি শিল্পকর্ম জব্দ করেছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) থেকে ১০০ কোটির বেশি ডলার ‘পাচার হওয়ার’ ঘটনা তদন্তের জের ধরে মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে এগুলো জব্দ করা হয়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় বিচার বিভাগের একজন মুখপাত্র এ কথা বলেন।

গত বুধবার যুক্তরাষ্ট্রে দায়ের করা ওয়ানএমডিবি-বিষয়ক দুর্নীতি মামলায় ‘মালয়েশিয়ার শীর্ষ কর্মকর্তার’ বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওই ব্যক্তি স্বয়ং প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেই মনে করা হচ্ছে।