ভ্যান গঘের চিত্রকর্ম আবিষ্কার, প্রদর্শনী নেদারল্যান্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা ‘ওর্ন আউট’
ছবি: রয়টার্স

চিত্রকর্মটির নাম ‘ওর্ন আউট’। সুবিখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা এটি। তবে এত দিন প্রদর্শিত হয়নি। এই চিত্রকর্ম দর্শনার্থীদের সামনে উপস্থাপন করেছে ভ্যান গঘ মিউজিয়াম। খবর বিবিসির।

‘ওর্ন আউট’ নামের এ চিত্রকর্ম ঠিক ভ্যান গঘের কি না, তা নিশ্চিত হতে গবেষণাও হয়েছে। ভ্যান গঘ মিউজিয়াম গতকাল বৃহস্পতিবার বলেছে, এটি ১৮৮২ সালে আঁকা। চিত্রকর্মটিতে দেখা যায়, একজন ক্লান্ত বিধ্বস্ত মানুষ বসে আছেন কাঠের চেয়ারে। ওয়েস্ট কোট পরা ওই ব্যক্তি মাথায় হাত দিয়ে বসে আছেন। পেনসিলে আঁকা ছবিটিতে স্বাক্ষরও আছে ভ্যান গঘের। স্বাক্ষরে তিনি লিখেছেন, ‘ভিনসেন্ট’।

১০০ বছরের বেশি সময় ধরে এক ডাচ পরিবারের ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল ভ্যান গঘের চিত্রকর্মটি। এরপর গতকাল থেকে সেটি প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে নেদারল্যান্ডসের আমস্টারডামে ভ্যান গঘ মিউজিয়ামে।

তবে ভ্যান গঘের এ চিত্রকর্ম সব সময় জাদুঘরে থাকবে না। আগামী ২ জানুয়ারি পর্যন্ত এটি প্রদর্শিত হবে। এরপর সেটি চলে যাবে চিত্রকর্মটির মালিকের কাছে। ভ্যান গঘ জাদুঘরের জ্যেষ্ঠ গবেষক তিও মিদেনড্রপ বলেন, এ চিত্রকর্ম এর আগে কখনো কোথাও দেখা যায়নি। এই প্রথম চিত্রকর্মটি জনসমক্ষে আনা হয়েছে।

চিত্রকর্মটি জনসমক্ষে আসার পর থেকে এর দাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এর দাম নির্ধারণ করা যে কঠিন, তার ইঙ্গিত দিয়েছেন ভ্যান গঘ জাদুঘরের ওই জ্যেষ্ঠ গবেষক। তিনি বলেন, এর দাম কত হবে, তা নির্ধারণ করা একেবারেই কঠিন হবে।
এ চিত্রকর্ম ভ্যান গঘ যখন এঁকেছেন, তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। তখন তিনি হেগ শহরে বসবাস করতেন। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যান গঘের কাজের ধরন বুঝতে এ চিত্রকর্ম সাহায্য করবে।

চিত্রকর্মটি আবিষ্কৃত হয়েছে ভ্যান গঘ জাদুঘরের গবেষকদের হাত ধরেই। এ প্রসঙ্গে জাদুঘরের পরিচালক এমিলি গোরডেনকার বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট পরিসরে কাজ করতে পেরে আমরা খুশি।’