মডেলের ছবিতে কাটাছেঁড়া নয়

বিজ্ঞাপনে কোনো মডেলের ছবি ব্যবহার করলে তা বেশির ভাগ ক্ষেত্রেই কিছুটা সম্পাদনা করা হয়। ভোক্তাদের কাছে মডেলকে আরও আকর্ষণীয় ও আবেদনময়ী করে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন সেটিই আসল ছবি। এবার এই কারসাজি বন্ধে একটি আইন করেছে ফ্রান্স।
ফরাসি অনলাইন ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, নতুন আইনে বিজ্ঞাপনে মডেলের ছবিতে কোনো পরিবর্তন আনা হলে এ বিষয়ে ওই ছবির নিচে তা স্পষ্ট করে ভোক্তাদের জানিয়ে দিতে হবে। আজ রোববার থেকে নতুন এই আইন কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই ফ্রান্স সরকারের নতুন এ উদ্যোগ। কোনো সাময়িকী বা অনলাইনে ছবি প্রকাশের ক্ষেত্রেও এই আইন কার্যকর হবে। এ আইন ভঙ্গ করলে ৩৭ হাজার ৫০০ ইউরো জরিমানা গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৬ লাখ ৩৪ হাজার টাকা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞাপনে যদি মডেলের ছবি সম্পাদনা করে শারীরিক গড়নে কোনো পরিবর্তন আনা হয়, তাহলে ছবিতে স্পষ্ট করে বলতে হবে এটা ‘সম্পাদিত ছবি’। ১ অক্টোবর থেকেই এ আইন প্রয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে প্রায় ছয় লাখ তরুণ-তরুণী খাদ্যাভ্যাসগত সমস্যায় ভুগছেন। এর মধ্যে ৪০ হাজার তরুণ-তরুণী ক্ষুধামান্দ্য রোগে ভুগছেন। খাদ্যাভ্যাসগত সমস্যায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর চিকন রুগ্ণ শরীরের মডেলদের ছবি দেখে অনেকেই সে রকম হতে উৎসাহিত হন। এ কারণে তাঁরা খাদ্যাভ্যাস বদলে কম খেতে থাকেন। এতে ক্ষুধামান্দ্য রোগ হওয়ার আশঙ্কা থাকে। এসব কারণেই নতুন এ আইন কার্যকর করল ফ্রান্স সরকার।