
ফ্রান্সের বিচারমন্ত্রী খ্রিস্তিনা তবিহা গতকাল বুধবার পদত্যাগ করেছেন। সন্ত্রাসবাদ মোকাবিলা সংশ্লিষ্ট কিছু নীতি নিয়ে সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন বামপন্থী এই রাজনীতিক। প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের দপ্তর এক বিবৃতিতে তাঁর পদত্যাগের খবর দিয়েছে। খবর রয়টার্সের।
ফরাসি পার্লামেন্ট বিতর্কিত একটি সাংবিধানিক সংস্কার নিয়ে বিতর্ক করতে যাচ্ছে এমন একসময়ে তবিহার পদত্যাগের খবর এল। প্রস্তাবিত ওই সংস্কারের আওতায় সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তির ফরাসি নাগরিকত্ব বিশেষ পরিস্থিতিতে (সংশ্লিষ্ট ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকলে) বাতিল করা যাবে। এমন উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন তবিহা।
বামপন্থী এই নেতা টুইটারে লিখেছেন, তাঁর ভাষায় ‘মাঝেমধ্যে প্রতিবাদ করতে পদে থাকতে হয়। মাঝেমধ্যে আবার প্রতিবাদ করার অর্থ, আপনাকে বিদায় নিতে হবে।’
ফরাসি প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, বিচারমন্ত্রী তবিহার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তাঁর স্থলে নতুন বিচারমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হচ্ছে জ্যঁ জ্যাক ইভোয়াসকে। সন্ত্রাসবাদ প্রশ্নে সরকারের এমন সাংবিধানিক সংস্কার প্রস্তাবের কড়া সমর্থক হিসেবে পরিচিত ইভোয়াস।
বিশেষ করে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়ার উদ্যোগের জন্য সবচেয়ে বেশি পরিচিত তবিহা। তাঁর বেশির ভাগ সামাজিক সংস্কার নীতিই বৃহত্তরভাবে প্রশংসিত হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার প্রয়োগ প্রশ্নে তাঁর নমনীয় অবস্থান নিয়ে সমালোচনা রয়েছে। গত ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে তবিহার ওই অবস্থান আরও বেশি সমালোচনার মুখে পড়ে। ওই ঘটনার পর ফরাসি সরকার জরুরি অবস্থা জারির মাধ্যমে পুলিশকে সন্দেহভাজন কট্টরপন্থীদের ধরপাকড়ে ব্যাপক ক্ষমতা দেয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এমন একসময়ে মন্ত্রী তবিহা বিদায় নিলেন, যখন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের মন্ত্রিসভায় সম্ভাব্য বড় রদবদল আসার খবর দিচ্ছে ফরাসি গণমাধ্যম। প্রেসিডেন্ট হিসেবে ওলাঁদ তাঁর চূড়ান্ত বছরে পা রাখার পরিপ্রেক্ষিতে এমন খবর শোনা যাচ্ছে। আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।