স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটে দুই পক্ষ এখনো মনস্থির না করা ৫০ হাজার ভোটারকে লক্ষ্য করে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছে। দুই পক্ষই জয়ী হওয়ার পথে আছে বলে দাবি করছে। বিভিন্ন জনমত জরিপ হাড্ডাহাডি লড়াইয়ের আভাস দিচ্ছে। আগামী বৃহস্পতিবার ওই গণভোট অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।
স্বাধীনতাকামীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন। হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন আগের চেয়ে অনেক বেড়েছে বলেও দাবি করছেন তাঁরা। হ্যাঁ প্রচারাভিযানের প্রধান নির্বাহী ব্লেয়ার জেনকিনস বলেন, ‘আমরা জানি, সামনের কয়েকটা দিন জোর চেষ্টা করলে আমরাই বিজয়ী হব...শেষ ভোটটি পর্যন্ত আমাদের পক্ষে নিশ্চিত করতে চাই। বিজয় নিশ্চিত করতে চাই আমরা।’
স্কটল্যান্ডকে যুক্তরাজ্যে ধরে রাখতে ‘না’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্যের সমর্থকেরাও। না ভোটের পক্ষে প্রচার চালানো অন্যতম নেতা অ্যালিস্টার ডার্লিং দাবি করেন, না ভোটের পক্ষে সমর্থন দিন দিন বাড়ছে। তিনি বলেন, ‘আমরাই জিতব—এ ব্যাপারে আর কোনো সংশয় নেই। কর্মসংস্থান, মুদ্রা, পেনশন, দ্রব্যমূল্য ও সেবা খাত—এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছি। আমাদের বিশ্বাস, মনস্থির না করা ৫০ হাজার ভোটার এই বিষয়গুলো নিয়ে ভেবেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন।’
স্কটল্যান্ডকে যুক্তরাজ্যে ধরে রাখার পক্ষের শিবির গত শনিবার একটি জনমত জরিপের ফল প্রকাশ করেছে। তাতে সাড়ে ৫৩ শতাংশ ভোটার স্কটল্যান্ডের স্বাধীনতার বিপক্ষে মত দিয়েছেন। আর পক্ষে মত দিয়েছেন সাড়ে ৪৬ শতাংশ ভোটার। মনস্থির করতে না পারা ভোটারদের এই জরিপে ধরা হয়নি। জরিপে ৯২৭ জন ভোটারের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে।
দৈনিক অবজারভার-এর জনমত জরিপেও না ভোটের পক্ষে সমর্থন বেশি দেখা যায়। এই জরিপে ৫৩ শতাংশ ভোটার স্বাধীনতার বিপক্ষে এবং ৪৭ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে মত দেন।
সানডে টেলিগ্রাফ-এর জন্য করা আইসিএমের জরিপ অবশ্য বলছে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষেই বেশি ভোট পড়বে। মনস্থির করতে না পারা ভোটারদের বাদ দেওয়া এই জরিপে হ্যাঁ ভোটের পক্ষে ৫৪ ও না ভোটের পক্ষে ৪৬ শতাংশ মত দেখা যায়। জরিপের ফলগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছে। তার অর্থ, মনস্থির করতে না পারা ভোটাররাই ফলাফল নিশ্চিত করবেন। আর সে কারণেই শেষদিকের প্রচারণায় দুই পক্ষই গুরুত্ব দিচ্ছে মনস্থির করতে না পারা ভোটারদের ওপর।