পেট্রলবোমা ছুড়তে ড্রোন ব্যবহার করছে ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস মলোটভ ককটেল ড্রোনটি তৈরি করেছে
ছবি: রয়টার্স

রাশিয়ান সেনাদের ওপর মলোটভ ককটেল (পেট্রলবোমা) ছোড়ার জন্য নতুন একটি ড্রোন তৈরি করেছে ইউক্রেন। এটি ব্যবহার করে উঁচু থেকে লক্ষ্যবস্তুতে মলোটভ ককটেল ছুড়ছে ইউক্রেনীয়রা। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ছবির বরাতে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল (ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস) মলোটভ ককটেল ড্রোনটি তৈরি করেছে। এতে চারটি ব্লেড আছে।

রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যায়, ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো থাকে। ছবিতে যে বোতল দেখা গেছে, তা চেরনিহিভস্কের বিয়ারের। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে জ্বলে ওঠে, তা জানা যায়নি।

রয়টার্সে প্রকাশিত ছবি অনুযায়ী, ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে। ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা তরল ফুরিয়ে না যায়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন
ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে
ছবি: রয়টার্স

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ শনিবার এ অভিযান ১৭তম দিনে গড়িয়েছে। আজ স্থানীয় সময় ভোরের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও ঝিতোমির শহরে বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজতে শোনা গেছে। এর মধ্য দিয়ে স্থানীয় লোকজনকে পাতাল আশ্রয়কেন্দ্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

কিয়েভে অবস্থানরত সাংবাদিকদের বরাতে বিবিসি জানিয়েছে, শহরে প্রচণ্ড রকমের গোলা হামলার শব্দ শোনা গেছে।