মস্কোর বিরুদ্ধে অবরোধের হুমকি
সিরিয়ার আলেপ্পো নগরে বিদ্রোহীদের নিশানা করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই হামলা নিয়ে নগরে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টির প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়া পরিস্থিতিকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে অবরোধের কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন এ জোটের পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি। এদিকে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ওই হুঁশিয়ারির মধ্যে গতকাল সোমবারও ওই নগরে রুশ বিমানবাহিনীর সমর্থনে সিরিয়ার সরকারি সেনাদের হামলায় একই পরিবারের ১৪ সদস্য নিহত হয়েছেন।
আলেপ্পোর একজন বাসিন্দা বিবিসিকে বলেন, গত ২৪ ঘণ্টায় এ নগরে বাংকারবিধ্বংসী বোমার সাহায্যে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, আলেপ্পোয় প্রতিদিন ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটিত হচ্ছে। লন্ডনে গত রোববার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জনসন বলেন, সিরিয়া সরকার ও তার মিত্রদের বিরুদ্ধে অতিরিক্ত অবরোধ আরোপের বিষয় বিবেচনা করা হচ্ছে। পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের ওপর চাপ বাড়ানোরও।
দুই পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরদিন গতকাল সিরিয়া পরিস্থিতি নিয়ে লুক্সেমবুর্গে এক বৈঠকে বসার কথা ছিল ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি বৈঠকে রাশিয়া ও দেশটির মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে জোরালো নিন্দা জানাতে চাপ সৃষ্টির চেষ্টা চালাবে বলে মনে করা হচ্ছিল।
কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স বলেছে, বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও পর্যবেক্ষক মিশন মোতায়েন, শান্তি আলোচনা শুরুর জন্য আবার চাপ সৃষ্টি করা, ইইউর ত্রাণকর্মীদের প্রবেশাধিকার ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর সন্দেহভাজন নির্দেশদাতা প্রায় ২০ সিরীয় নাগরিকের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ নিয়ে আলোচনা।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে গত মাসে সিরিয়ায় এক ভঙ্গুর যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়। তবে কয়েক দিনের মধ্যে তা ভেঙে পড়ে। এরপর থেকে দেশটির অন্যতম যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত আলেপ্পোয় সিরিয়ার সেনারা রুশ বাহিনীর সমর্থনে বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করে চলেছে। গোলাবর্ষণে এখন পর্যন্ত কয়েক শ লোক নিহত হয়েছে।
ত্রাণ সংস্থাগুলো বলছে, আলেপ্পোর পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা অবরুদ্ধ করে রেখেছে সিরীয় বাহিনী। চলছে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই। এই অবস্থায় সেখানে আটকে পড়া লোকজনের খাদ্য, পানি, ওষুধসহ অন্যান্য অপরিহার্য সামগ্রীর চরম সংকট চলছে। অবর্ণনীয় মানবেতর পরিস্থিতির মধ্যে থাকা মানুষের কাছে পণ্য সরবরাহ পৌঁছাতে জরুরি ভিত্তিতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি প্রয়োজন।
ইতিমধ্যে রোববার তুরস্কের কর্তৃপক্ষ জানায়, তুরস্ক-সমর্থিত সিরীয় বিদ্রোহীরা তুর্কি-সিরিয়া সীমান্তের ১০ কিলোমিটার দূরে অবস্থিত দাবিক শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। শহরটি থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দিয়েছে তারা।