মস্কোয় ছাপাখানার গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত
রাশিয়ার মস্কোয় গতকাল শনিবার সকালে একটি ছাপাখানার গুদামে ভয়াবহ আগুন লেগে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চারজন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রাশিয়ার জরুরি সেবা-সংক্রান্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস বলেছে, আগুন নেভানোর পর পুড়ে যাওয়া একটি কক্ষের দেয়াল ভেঙে অগ্নিনির্বাপণকর্মীরা ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো অজানা।
কর্তৃপক্ষ জানায়, রাজধানী মস্কোর উত্তরাঞ্চলীয় একটি শিল্প এলাকায় ওই অগ্নিকাণ্ডে গুদামঘরটির ২০০ বর্গমিটার স্থান পুড়ে গেছে। আগুন লাগার দুই ঘণ্টা পর অগ্নিনির্বাপণকর্মীরা তা নেভাতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে নিহত লোকজন সম্ভবত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের বিভিন্ন দেশ থেকে আসা কর্মী বলে জানিয়েছে পুলিশ সূত্র। মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন এক টুইটার বার্তায় বলেন, ঘটনার তদন্ত করা হবে।
এটি দুর্ঘটনা, না কারও অবহেলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে এরই মধ্যে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলে খবরে বলা হয়।