সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ হুঁশিয়ারি দিয়েছেন, সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট উত্তেজনা বিশ্বকে ‘ভয়ানক পরিস্থিতিতে’ নিয়ে এসেছে।
ইউক্রেন সংঘাত নিয়ে কয়েক দশক ধরে চলা শীতল যুদ্ধের পর বর্তমানে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক শীতলতম অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ করেছে। এ ছাড়া সিরিয়ায় বিমান হামলা চালিয়ে মস্কো সেখানকার শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও ওয়াশিংটন অভিযোগ করেছে। মস্কো এসব অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ৮৫ বছর বয়সী গর্বাচেভ বলেন, ‘আমি মনে করি বিশ্ব একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে।’
সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা ও দেশ দুটির শান্তি আলোচনা ভন্ডুল হয়ে যাওয়া প্রসঙ্গে গর্বাচেভ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি সুনির্দিষ্ট কোনো ব্যবস্থাপত্র দিতে চাই না। তবে আমি বলতে চাই, এই দ্বন্দ্ব এখনই বন্ধ হওয়া দরকার। সংলাপ আবার শুরু করা দরকার। সংলাপ থামানো বড় ধরনের ভুল হয়েছে।’
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে গর্বাচেভ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সোভিয়েত ইউনিয়নের উত্তেজনা কমিয়ে এনেছিলেন, যা শীতল যুদ্ধের অবসানে সহায়ক হয় বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার পরমাণু উত্তেজনা প্রশমনে তাঁর উদ্যোগেই ওয়াশিংটনের সঙ্গে মস্কো বেশ কয়েকটি পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি হয়।
গর্বাচেভ বলেন, এই দুই দেশের এখন মূল অগ্রাধিকারমূলক কাজের দিকে ফিরে আসা উচিত।