মস্কোতে ডয়চে ভেলের কার্যালয় বন্ধের নির্দেশ রাশিয়ার
জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের মস্কো ব্যুরো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীদের কাজের অনুমতিও প্রত্যাহার করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্ক আরটির জার্মান ভাষার চ্যানেল আরটি ডিইর ওপর বার্লিনের নিষেধাজ্ঞার জবাবে এমন পদক্ষেপের ঘোষণা দিল মস্কো। খবর এএফপির।
জার্মান সরকার ও ডয়চে ভেলে রাশিয়ার এ পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। ডয়চে ভেলের প্রধান পিটার লিম্বুয়া বলেন, ‘এ আদেশটি রুশ সরকারের একটি অযৌক্তিক প্রতিক্রিয়া। আমরা যদি শেষ পর্যন্ত এর কার্যক্রম বন্ধও করে দিই, তার মানে এ নয় যে আমরা রাশিয়া–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করতে পারব না। বরং আমরা আরও বেশি করে তা করব।’
জার্মান সরকার বলেছে, এ পদক্ষেপ অগ্রহণযোগ্য। আরটি টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে বার্লিন যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার সঙ্গে এর তুলনা করার সুযোগ নেই। জার্মানির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ক্লদিয়া রথ বলেন, ‘আমি জরুরি ভিত্তিতে রাশিয়ার কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন আরটির লাইসেন্স–সংক্রান্ত সমস্যাকে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে ব্যবহার না করে।’
ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চলার মধ্যে ডয়চে ভেলের ব্যুরো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল মস্কো। ইউক্রেনে রাশিয়ার অভিযানের আশঙ্কায় এ উত্তেজনা চলমান। এএফপির প্রতিবেদনে বলা হয়, এ পদক্ষেপের মধ্য দিয়ে বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে ক্রেমলিনের ক্রমাগত বৈরিতা বাড়ার ইঙ্গিতই মিলেছে।
গতকাল বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ভূখণ্ডে ডয়চে ভেলের স্যাটেলাইট ও অন্য সম্প্রচার ব্যবস্থাও বাতিল করা হবে। জার্মান সম্প্রচারমাধ্যমটিকে ‘বিদেশি এজেন্ট’ ঘোষণার প্রক্রিয়া শুরুর কথাও জানানো হয়েছে বিবৃতিতে। ভবিষ্যতে আরও পদক্ষেপ ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
গত বুধবার লাইসেন্স না থাকার কথা বলে রাশিয়ার ‘আরটি ডিই’ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় জার্মানির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা। এর জবাবে বৃহস্পতিবার ডয়চে ভেলের মস্কো কার্যালয় বন্ধের নির্দেশ দেওয়া হয়। ডয়চে ভেলের মস্কো ব্যুরো প্রধান জুরি রেসচেতো এএফপিকে বলেন, শুক্রবার সকাল নাগাদ কার্যালয়টি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে করা মন্তব্যে তিনি লিখেছেন, ‘আমরা মর্মাহত।’
এদিকে রাশিয়ার কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী সংবাদমাধ্যমগুলো এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। রুশ সিনেটর আন্দ্রেই ক্লিমভ মস্কোর প্রতিক্রিয়াকে ‘যথেষ্ট’ বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর জার্মান কর্তৃপক্ষের অনুরোধে ইউরোপের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে আরটির জার্মান ভাষার শাখা আরটি ডিই বন্ধ করে দেওয়া হয়। সম্প্রচার শুরুর এক সপ্তাহের মাথায় বন্ধ হয়ে যায় এটি। তবে ইন্টারনেট ও মুঠোফোন অ্যাপে এটি এখনো দেখা যাচ্ছে।
আরটি ডিই কর্তৃপক্ষের দাবি, মস্কো থেকে তাদের সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয় এবং তাদের কাছে সার্বিয়ার সম্প্রচার লাইসেন্স আছে। ইউরোপীয় আইন অনুযায়ী, ওই লাইসেন্সের আওতায় জার্মানিতে সম্প্রচারের অধিকার রয়েছে দাবি করেছে তারা।