
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে মস্কোয় আয়োজিত সামরিক কুচকাওয়াজে বিশ্বকে তাঁর সামরিক শক্তি দেখালো রাশিয়া। রেড স্কয়ারে অনুষ্ঠিত এ আলোচিত কুচকাওয়াজে অংশ নেয় ১৬ হাজার সেনা।
প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার ভূমিকার কারণে পশ্চিমা দেশগুলোর নেতারা যোগ না দিলেও মস্কো বেশ ঘটা করেই এর আয়োজন করে। বিদ্যমান আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যুদ্ধজয়ের বার্ষিকী উদযাপনের চেয়ে এতে রুশ সমরশক্তি ও প্রত্যয়ের প্রদর্শনই দৃশ্যত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। খবর এএফপি ও বিবিসির।
অনুষ্ঠানে রাশিয়ার অনেক নতুন অস্ত্রশস্ত্র প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। বলা হচ্ছে, এটি এ পর্যন্ত মস্কোয় অনুষ্ঠিত সবচেয়ে বড় কুচকাওয়াজ। এতে অংশ নেয় ২০০ সাঁজোয়া যান এবং ১৫০ টি উড়োজাহাজ ও হেলিকপ্টার।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের পরাজিত করে রাশিয়ার জয়ে সহায়তাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে ধন্যবাদ জানান।
ইউক্রেন সংকটে রাশিয়ার ভূমিকার কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অধিকাংশ দেশ মস্কোর ওই কুচকাওয়াজ অনুষ্ঠান বর্জন করলেও এতে অংশ নিয়েছেন অন্তত ২০টি দেশের রাষ্ট্রপ্রধান।
পুতিন তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপক গুরুত্ব থাকলেও গত কয়েক দশকে আমরা এককেন্দ্রিক বিশ্ব গঠনের একটি প্রবণতা দেখেছি। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সহযোগিতাকে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি উপেক্ষা করা হয়েছে।’
বিশ্বব্যাপী ফ্যাসিবাদের নতুন করে উত্থান ঘটছে বলে হুঁশিয়ারি দেন পুতিন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ে রাশিয়ার ভূমিকাকে খাটো করতে বিভিন্ন দেশ নতুন করে ইতিহাস লিখছে।
বিশ্বকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের কথিত ভূমিকার জন্য এই ‘এককেন্দ্রিক বিশ্ব’ প্রত্যয়টি ব্যবহার করে রাশিয়া।
অনুষ্ঠানে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, জাতিসংঘের মহাসচিব বান কি-মুন প্রমুখ। দেশের বিভিন্ন স্থান থেকে সামরিক ইউনিট রেড স্কয়ারের ওই কুচকাওয়াজে অংশ নেয়। সেনাদের কারও কারও পরনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পোশাক। এ সময় অন্তত ১০০টি সামরিক বিমান আকাশে ওড়ে। প্রদর্শন করা হয় দূরনিয়ন্ত্রিত নলের উচ্চপ্রযুক্তির টি-১৪ আর্মাতা যুদ্ধ ট্যাংক। অনুষ্ঠানে আরও দেখানো হয় আরএস-২৪ ইয়ারস ক্ষেপণাস্ত্র। রাশিয়ার সঙ্গে মৈত্রীর নমুনা হিসেবে একদল চীনা সেনাও কুচকাওয়াজে অংশ নেন।
মস্কোর কুচকাওয়াজে যোগ দিতে অনিচ্ছুক দেশগুলোর জন্য পোল্যান্ডের গদানস্কে একটি বিকল্প অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লিুথয়ানিয়া, রোমানিয়া ও ইউক্রেনের নেতারা। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও ওই অনুষ্ঠানে অংশ নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো সেখানে বলেন, অতীতের নিষ্ঠুরতার ইতিহাস সত্ত্বেও এই একুশ শতকে নানা অপরাধ সংঘটিত হচ্ছে। যেমন: তাঁর দেশের বিরুদ্ধে চলছে ‘আগ্রাসন’।
পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ করার পশ্চিমা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক এলাকায় ২০১৪ সালের এপ্রিল থেকে চলমান লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ছয় হাজার মানুষ নিহত হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া
(১৯৪১ থেকে ১৯৪৫)
২২ জুন ১৯৪১: ১৯৩৯ সালের চুক্তি লঙ্ঘন করে সোভিয়েত ইউনিয়নে নাৎসি জার্মান বাহিনীর হামলা
শীতকাল ১৯৪২-৪৩: দক্ষিণ রাশিয়ার স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ে প্রায় ২০ লাখ সেনা ও বেসামরিক মানুষের মৃত্যু হয়
১৯৪৪: জার্মান সেনারা পিছু হটতে শুরু করলে পূর্ব ইউরোপের বিভিন্ন স্থানে রাশিয়ার আক্রমণ
২১ এপ্রিল ১৯৪৫: বার্লিনে সোভিয়েত বাহিনীর প্রবেশ