মাকড়সাকে বাঁচাতে পুলিশ!
রাত দুইটা। তীব্র চেঁচামেচি ও চিৎকার ভেসে আসছে: ‘আমি তোকে খুন কবর।’ গভীর এ রাতেই প্রতিবেশীরা খবর দিলেন পুলিশকে। পড়িমরি করে পুলিশও ঘটনাস্থলে ছুটে এল ‘নির্যাতিত’কে বাঁচাতে। কিন্তু কী দেখলেন! স্প্রে ভর্তি একটা সিলিন্ডার হাতে এক যুবক আর একটি মরা মাকড়সা।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে গত শনিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওলস্টোনক্রাফর্ট শহরতলিতে। সমুদ্র তীরবর্তী একটি বাড়ির কক্ষ থেকে এমন শব্দ শোনার পর প্রতিবেশীরা সেটিকে কোনো পুরুষ আর নারীর মধ্যে সহিংস গৃহবিবাদ মনে করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়।
প্রতিবেশীদের বরাত দিয়ে সমুদ্রতীরবর্তী স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিকারগ্রস্ত মানুষের মতো কাঁদছিলেন এক নারী। এ সময় একজন পুরুষ চিৎকার করে বলে ওঠেন, ‘আমি তোকে খুন কবর। তুই মৃত! তুই মর, মর।’ এরপর ওই কক্ষ থেকে আসবাবপত্র ভাঙার শব্দও ভেসে আসে।
খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে হাজির হয় বেশ কয়েকটি পুলিশের গাড়ি। আদিষ্ট হয়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক দরজা খোলেন। তখনো তিনি হাঁফাচ্ছিলেন। ভয়ে লাল হয়ে গিয়েছিল তাঁর মুখ।
দরজা খোলার সঙ্গে সঙ্গে স্ত্রী বা মেয়েবন্ধুর ব্যাপারে জানতে চাওয়া হয় তাঁর কাছে। আমতা-আমতা করে যুবক বললেন, ‘আমার তেমন কেউই নেই।’
পুলিশ নারীর কান্নার ব্যাপারটি পরিষ্কার করতে বললে যুবকের প্রতি উত্তর: ‘আমি বুঝতে পারছি না আপনারা কার ব্যাপারে জানতে চাইছেন। এখানে আমি একা থাকি।’
কিন্তু মেরে ফেলার হুমকির ব্যাপারটা কী? পুলিশের প্রশ্নের জবাবে যুবকের ভাষ্য: ‘সেটা ছিল বড় একটি মাকড়সা। মারার জন্য এই স্প্রে হাতে কক্ষের মধ্যে আমি সেটিকে তাড়া করছিলাম।’
আর নারীর কান্নার শব্দ? ‘হ্যাঁ, সেটাও আমিই করেছিলাম। আমি সত্যিই মাকড়সা ঘৃণা করি।’ --জবাব দিলেন ওই যুবক।