মাতাল হয়ে তিনি বিমান চালাতে যাচ্ছিলেন
উড়োজাহাজ ছাড়ার বেশি দেরি নেই। এমন এক মুহূর্তে উড়োজাহাজের ককপিটে মদ্যপ অবস্থায় এক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার কানাডায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া পাইলটের নাম মিরোস্লাভ গ্রোনিচ। ৩৭ বছর বয়সী এই পাইলট স্লোভাকিয়ার নাগরিক।
কানাডার সানউইং এয়ারলাইনসের উড়োজাহাজটিতে শতাধিক আরোহী ছিলেন।
মিরোস্লাভ গ্রেপ্তার হওয়ার পর অন্য একজন পাইলট উড়োজাহাজটি চালান। উড়োজাহাজটি কানাডা থেকে মেক্সিকো যায়।
খবরে জানানো হয়, মিরোস্লাভের অস্বাভাবিক আচরণ প্রথমে বিমান সংস্থার কর্মীদের নজরে আসে। একপর্যায়ে পাইলট জ্ঞান হারান। বিষয়টি দ্রুত কর্তৃপক্ষকে জানান বিমান সংস্থার কর্মীরা। কর্তৃপক্ষ উড়োজাহাজের ককপিট থেকে পাইলটকে নামিয়ে আনে।
মিরোস্লাভ গ্রেপ্তার হওয়ার ঘণ্টা দুয়েক পরও তাঁর শরীরে স্বাভাবিক মাত্রার চেয়ে তিন গুণ বেশি অ্যালকোহল পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ আনা হয়েছে।
পুলিশের মুখপাত্র পল স্টেসি বলেন, একটা বিপর্যয় ঘটে যেতে পারত।
ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা সত্ত্বেও একজন মদ্যপ পাইলট কীভাবে ককপিটে গেলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন পুলিশের ওই মুখপাত্র। তিনি বলেন, মিরোস্লাভকে শিগগিরই বিমানের কোনো ফ্লাইট চালাতে দেওয়া হবে না।