মাত্র ৬ লাখ টাকায় প্যারিস হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে প্যারিসের ছয়টি স্থানে একযোগে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১৩০ জন। বিশ্বকে নাড়া দেওয়া এ হামলার প্রতিক্রিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স। তবে অবাক হলেও সম্ভবত সত্য যে এমন একটি হামলার পেছনে সন্ত্রাসীদের খরচ হয়েছে মাত্র ছয় লাখ টাকার (৭,৫০০ ডলার) মতো। খবর রয়টার্সের।
প্যারিসে ১৩ নভেম্বরের ওই ভয়াবহ হামলার পর সন্ত্রাসীদের অর্থের উৎস বন্ধেও সচেষ্ট হয়েছেন বিশ্বনেতারা। হামলার কয়েক দিনের মধ্যেই ফ্রান্স ও বেলজিয়াম অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার পেছনে ১০০ কোটি ইউরো ব্যয়ের ঘোষণা দিয়েছে। অন্যদিকে প্যারিস হামলার পেছনে সন্ত্রাসীরা ব্যবহার করেছে গোটা কয়েক কালাশনিকভ রাইফেল, গোলাবারুদ, হাতে তৈরি আত্মঘাতী বেল্ট, ভাড়া করা গাড়ি ও দুটি ফ্ল্যাট। এতে এই ইঙ্গিতই মেলে, হামলাকারী আটজন নির্বিচারে গুলি করে ও বোমা ফাটিয়ে মানুষ হত্যা, আতঙ্ক সৃষ্টি করতে যে বিনিয়োগ করেছে, তা অঙ্কের হিসাবে সামান্যই।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে ৯/১১ হামলার পর গঠিত এ-সংক্রান্ত নিরপেক্ষ একটি কমিশনের তথ্য অনুযায়ী, ভয়াবহ ওই হামলা চালাতে সন্ত্রাসীদের গুনতে হয়েছিল চার থেকে পাঁচ লাখ ডলার। সম্ভবত ওই অর্থ ব্যয় হয়েছিল বিমান ছিনতাইকারীদের প্রশিক্ষণ, বিমানের টিকিট এবং প্রশিক্ষণ ও হামলার প্রস্তুতি চলার সময় সন্ত্রাসীদের থাকা-খাওয়াসহ বিভিন্ন খাতে।
রয়টার্সের এক হিসাবে অনুমান করা হচ্ছে, প্যারিস হামলায় সন্ত্রাসীরা যে ব্যয় করেছে, তা বিশ্বজুড়ে আতঙ্ক ধরানো ৯/১১ হামলার খরচের ২ শতাংশের কম।