মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে ইইউ
মানব পাচারকারীদের বিরুদ্ধে ভূমধ্যসাগরে সামরিক অভিযান চালাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল সোমবার লুক্সেমবুর্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এর আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন। খবর এএফপির।
প্রাথমিকভাবে বিভিন্ন জাহাজ ও বিমান থেকে মানব পাচারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। ইইউর পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি বলেছেন, ‘২৮টি দেশের এই জোট সংকট নিরসনে তাৎক্ষণিক সাড়া দিয়েছে। এতে আমি মুগ্ধ।’
গৃহযুদ্ধ চলা সিরিয়া, লিবিয়া ও দারিদ্র্যপীড়িত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজারো অভিবাসনপ্রার্থী প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি, গ্রিস, মালটাসহ অন্যান্য দেশে পৌঁছানোর চেষ্টা করে। এই সংকট মোকাবিলার উপায় নিয়ে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য থাকলেও শেষমেশ সামরিক অভিযানের বিষয়ে তারা একমত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে পাচারকারীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হবে। পরে পাচারকারীদের জাহাজ জব্দ করতে
ও তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। তৃতীয় দফায় লিবিয়ার জলসীমায়, এমনকি দেশটির ভেতর পর্যন্ত বিস্তৃত করা হবে এই
অভিযান।
অবরোধ বাড়ল: রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। ইউক্রেনে রুশ হস্তক্ষেপের প্রেক্ষাপটে তাঁরা গতকাল এই সিদ্ধান্ত নেন।