শরণার্থীদের বহনকারী অবৈধ নৌযান আটকের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভূমধ্যসাগরের দক্ষিণ অংশে গতকাল বুধবার নতুন সামরিক অভিযান শুরু করেছে। লিবিয়া উপকূলের কাছে ইতিমধ্যে ছয়টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে একটি ইতালীয় যুদ্ধবিমানবাহী জাহাজ, জার্মানির দুটি এবং ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের একটি করে রণতরি। খবর এএফপির।
‘অপারেশন সোফিয়া’ নামের ওই অভিযানে মানব পাচারের কাজে ব্যবহৃত নৌযানগুলো তল্লাশি ও আটক করা হবে। আর সন্দেহজনক নৌকাগুলোকে ফেরত পাঠানো হবে। এতদিন পর্যন্ত ইইউর অভিযানে নজরদারি ও উদ্ধারকাজে গুরুত্ব দেওয়া হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত এক লাখ ৩০ হাজারের বেশি শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশী উত্তর আফ্রিকা উপকূল থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে প্রবেশ করেছে। ঝুঁকিপূর্ণ নৌযানে চড়ে ওই সমুদ্রপথে এ রকম যাত্রায় অন্তত দুই হাজার ৭০০ জন অভিবাসন-প্রত্যাশী ডুবে মারা যায়।
বিবিসি জানায়, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আরও বহু শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশী অন্য পথে তুরস্ক হয়ে গ্রিস উপকূলে পৌঁছাচ্ছে। তাদের গন্তব্য মূলত জার্মানিসহ উত্তর ইউরোপীয় দেশগুলো। লাখ লাখ শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশীকে নিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকটের সৃষ্টি হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল স্ত্রাসবুর্গের ইউরোপীয় পার্লামেন্টে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেন। এর আগে ১৯৮৯ সালে এ দুই দেশের সাবেক নেতা হেলমুট কোহ্ল ও ফ্রাঁসোয়া মিতেরাঁই একমাত্র এ ধরনের বিবৃতি দিয়েছিলেন।
বিশ্লেষকেরা মনে করেন, ভূমধ্যসাগরে ইইউর সামরিক অভিযানের স্পষ্ট সীমাবদ্ধতা রয়েছে। কারণ যুদ্ধজাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমার মধ্যেই থাকতে হবে। তার মানে ইইউর যুদ্ধজাহাজগুলো লিবিয়া উপকূল থেকে সবসময় ১২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করবে।
ভূমধ্যসাগরে ইইউর প্রথম দফা অভিযান গত জুনে শুরু হয়। সে সময় তারা চোরাচালানিদের নৌকাগুলোর ওপর নজরদারি এবং লিবিয়া থেকে ইতালি ও মাল্টার উদ্দেশে মানব পাচারের ধরণ পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছিল।
অপারেশন সোফিয়া পরিচালিত হচ্ছে ইতালির রোম থেকে। পরিচালনার প্রধান দায়িত্বে রয়েছেন রিয়াল অ্যাডমিরাল এনরিকো ক্রেদেনদিনো। তাঁর সহকারী পদে নিযু্ক্ত রিয়াল অ্যাডমিরাল আর্ভে ব্লেজ্যাঁ বিবিসিকে বলেন, প্রথম পর্যায়ে সন্দেহভাজন মানবপাচারকারীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। শিগগিরই আরও যুদ্ধজাহাজ এই অভিযানে যোগ দেবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জ্যেষ্ঠ কর্মকর্তা ইউজেনিও অ্যামব্রোসি সতর্ক করে দিয়েছেন, ইউরোপে সক্রিয় চোরাচালানি চক্রের বিরুদ্ধে লড়াই না করলে ভূমধ্যসাগরে ইইউর ওই অভিযান ব্যর্থ হবে। অস্ত্র ও মাদক চোরাচালানে জড়িত অপরাধীরাই মানব পাচারে অংশ নিচ্ছে। মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকলে শুধু নৌকা আটক করলে কাজ হবে না।