
জার্মান কো-পাইলট অ্যান্ড্রিয়াস লুবিৎস। আকাশে ওড়ার স্বপ্ন থেকে বিমানের পাইলট হিসেবে কাজ শুরু সেই তরুণ বয়সে। পরে ২৮ বছরের টগবগে যৌবনে এসেই কিনা সেই স্বপ্নকে পাহাড়চূড়ায় আছড়ে শেষ করলেন তিনি!
ফ্রান্সে গত মঙ্গলবার বিধ্বস্ত জার্মানউইংসের যাত্রীবাহী বিমানের দুর্ঘটনা নিয়ে রহস্য জোরালো হওয়ার পর ককপিট ভয়েস রেকর্ডারের তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা বলেছেন, পাইলট ইচ্ছা করে বিমানটিকে মাটিতে আছড়ে ফেলেন। এতে প্রাণ হারান এর ১৫০ জন আরোহীর সবাই। লুবিৎস কেন এ কাজ করে থাকতে পারেন, তদন্তকারীরা তা নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে তাঁর আত্মহত্যার পরিকল্পনাকে নাকচ করে দিয়েছেন তাঁরা।
পেশাদার পাইলট হিসেবে স্বপ্ন পূরণ করার আগে তরুণ লুবিৎস নিজ শহর পশ্চিম জার্মানির মন্টাবারের একটি উড়োজাহাজ প্রশিক্ষণ ক্লাবের সদস্য হয়ে প্রথম আকাশে উড়েছিলেন। বন্ধু ও প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন শান্ত কিন্তু মজাদার চারিত্রিক বৈশিষ্ট্যের একজন লোক। পাইলট হওয়ার পর বিমানচালনাকে উপভোগই করছিলেন তিনি।
সদ্য বাতিল হওয়া নিজের ফেসবুকের একটি ছবিতে উৎফুল্ল লুবিৎসকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরের ঐতিহাসিক গোল্ডেন গেট ব্রিজের সামনে হাসতে দেখা যায়। কিন্তু মঙ্গলবার এই পাইলটের জীবনের সমাপ্তি হয় এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে।
ওই দিন পাইলট লুবিৎস ইচ্ছা করেই জার্মানউইংসের এয়ারবাস ৩২০-কে দেড় শ আরোহীসমেত আছড়ে ফেলেন—ফরাসি অভিযোক্তাদের এই অভিযোগের পর উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার রহস্য উদ্ঘাটনে নিযুক্ত তদন্তকারীরা এই যুবক পাইলটের ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দিয়েছেন। ঘটনার দিন তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, তা জানতেই এই চেষ্টা তাঁদের। জার্মান অভিযোক্তাদের দাবি, লুবিৎস মানসিকভাবে অসুস্থ ছিলেন—এ তথ্যটি তিনি জার্মানউইংসের নিয়োগকর্তাদের কাছে গোপন করেছিলেন। দুর্ঘটনার দুই দিন আগে নিজের ফেসবুক পাতাটি মুছে দিয়েছিলেন তিনি।
লুবিৎসের বাবা-মায়ের বাড়ি জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে ছোট্ট মন্টাবার শহরে। তবে ডুয়েসলডর্ফ শহরেও লুবিৎসের একটি ফ্ল্যাট রয়েছে। বাবা-মায়ের বাড়ি ও নিজের ফ্ল্যাট উভয়টিতে এখন গোয়েন্দাদের ব্যস্ত পদচারণ।
আকাশের ওড়ার দুর্নিবার আকাঙ্ক্ষা থেকে ১৪ বছর বয়সে এলএসসি ওয়েস্টারওয়াল্ড বিমানচালনা প্রশিক্ষণ ক্লাবে যোগ দেন কিশোর লুবিৎস। ক্লাবের চেয়ারম্যান ক্লজ র্যা ডকে বলেন, চকচকে ও মসৃণ সাদা রঙের এএসকে-২১ প্রশিক্ষণ বিমান থেকে লুবিৎসের বিমান ওড়ানোর স্বপ্নযাত্রার শুরু।
প্রতিবেশীরা বলেন, বিমানচালনার পাশাপাশি দৌড়ানোর প্রতিও লুবিৎসের ছিল ঝোঁক। বাড়ির পাশে নিয়মিতই দৌড়ঝাঁপ করতেন তিনি।
২০০৭ সালে স্নাতক শেষ করেন লুবিৎস। পরের বছর জার্মান বিমান সংস্থা লুফথানসায় প্রশিক্ষণার্থী বিমানচালক হিসেবে যোগ দেন। ছয় বছর আগে কয়েক মাসের জন্য প্রশিক্ষণে বিরতি দেন। তবে সাফল্যের প্রমাণ রেখে আবার কাজে যোগদান করেন। এরপর ২০১৩-এর সেপ্টেম্বরে লুফথানসার অধীন জার্মানউইংস বিমান সংস্থায় যোগ দেন।
এই সংস্থায় প্রাথমিকভাবে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ শুরু করেন লুবিৎস। পরে পাইলট হন। লুফথানসা সংস্থা জানায়, মঙ্গলবার বিমান দুর্ঘটনার আগ পর্যন্ত তাঁর বিমানচালনার অভিজ্ঞতা ছিল ৬৩০ ঘণ্টা। তা ছাড়া বিমান চালানোর জন্য উপযুক্তও ছিলেন শতভাগ।
লুবিৎসের ব্যক্তিগত ও পারিবারিক ইতিহাস ঘেঁটে তাঁর সঙ্গে কোনো জঙ্গি তৎপরতার সংশ্লিষ্টতা মেলেনি।
গত শরতে বিমানচালনা প্রশিক্ষণ ক্লাবে নিজের লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলেন লুবিৎস। তখনো নিজ পেশাজীবন সম্পর্কে তাঁকে খুবই আগ্রহী দেখাচ্ছিল বলে জানান ক্লাবের চেয়ারম্যান। তাই তো লুবিৎসের বিরুদ্ধে অভিযোক্তাদের বিমান আছড়ে ফেলার অভিযোগটি এক বাক্যে নাকচ করে দেন তিনি। ক্লাবে লুবিৎসের সহপ্রশিক্ষণার্থী পিটার রেকারের কথা, ‘সর্বশেষ সাক্ষাতেও সে ছিল দারুণ সুখী। এখন আমি বাক্রুদ্ধ। এ ঘটনার কোনো ব্যাখ্যা আমার জানা নেই।’ বিবিসি।