
ফ্রান্সের প্যারিসে গত শুক্রবারের হামলায় জড়িত সন্দেহভাজন সাত ব্যক্তির একজন সামি আমিমুর (২৮)। বাতাক্লঁ কনসার্ট হলে আত্মঘাতী হামলার পর নিজেকে উড়িয়ে দেন তিনি।
আমিমুরের বাবা বলেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার পর এক দিন সিরিয়ায় ছেলের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় তিনি আমিমুরকে তাঁর মায়ের পাঠানো একটি চিঠি ও কিছু অর্থ দেন। তিনি মন দিয়ে চিঠিটি পড়লেও মায়ের অর্থ ফেরত পাঠান। খবর রয়টার্সের।
ফরাসি কৌঁসুলিরা বলেন, প্যারিসের উপকণ্ঠের বাসিন্দা আমিমুরকে আগে থেকেই চিনত কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লড়াইয়ে অংশ নিতে ইয়েমেন যাওয়ার চেষ্টা করার সন্দেহে ২০১২ সালের অক্টোবরে দুই তরুণের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। পরে অবেক্ষাধীন অপরাধী হিসেবে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন আগে তুরস্ক থেকে পরিবারকে জানান, তিনি সিরিয়া যাচ্ছেন। বলেন, ‘এখানে থেকে আমি যা পছন্দ করি, তা করতে পারব।’