মারিউপোল দখলের দাবি রাশিয়ার, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেন, মারিউপোলের বেশির ভাগই রুশ সেনাদের নিয়ন্ত্রণে। তবে একটি অংশে এখনো ইউক্রেনের সেনারা যুদ্ধ করছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক নামের চার বর্গমাইলের ইস্পাত কারখানায় রুশ সেনাদের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়
ছবি: এএফপি

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের পতনের দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার মারিউপোলের পতন হয়েছে বলে মারিউপোল বন্দরকে ‘স্বাধীন’ ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাসে রুশ হামলা জোরদারের পর এমন দাবি করলেন পুতিন। এদিকে আজও ইউক্রেনের সেনারা মারিউপোলের একটি ইস্পাত কারখানায় অবরুদ্ধ ছিলেন। খবর রয়টার্সের
আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক নামের চার বর্গমাইলের মারিউপোলের ওই ইস্পাত কারখানায় ৫০০ আহত সেনা এবং কয়েক শ বেসামরিক নারী-পুরুষ আশ্রয় নিয়ে আছেন বলে জানা গেছে। রাশিয়ার পক্ষ থেকে সেখানে থাকা ইউক্রেনের সেনাদের দুই দফা আত্মসমর্পণের সময় বেঁধে দেওয়া হলেও তাঁরা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এমন পরিস্থিতিতে ‘বিশ্বের কাছে শেষবার সাহায্যের আবেদন’ জানিয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর কমান্ডার মেজর শেরহিই ভোলায়না। ইস্পাত কারখানায় অবরুদ্ধ মেজর ভোলায়না ইউক্রেনের ৩৬ ম্যারিন ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছেন। শেরহিই ভোলায়না বলেন, রুশ বাহিনীর তুলনায় সেখানে তাঁদের সেনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। তাঁদের রসদও ফুরিয়ে যাচ্ছে। তাঁরা অস্ত্র-গোলাবারুদের সংকটে রয়েছেন।

আরও পড়ুন

ক্রেমলিনে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মারিউপোলে অবরুদ্ধ ইউক্রেন সেনাদের বিষয়ে পুতিন বলেছেন, প্রায় দুই মাস অবরুদ্ধ থেকে বেঁচে থাকার পরও সেখানে থাকা সেনাদের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের দরকার নেই। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে পুতিন বলেন, ‘ওই কারখানায় প্রস্তাবিত চূড়ান্ত হামলা চালানো অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে আমার। আমি এই পরিকল্পনা বাতিলের নির্দেশ দিচ্ছি।’ এ সময় তিনি আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক নামের স্টিল কারখানাটি অবরুদ্ধ করে রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘এলাকাটি পুরোপুরি অবরুদ্ধ করে দিন। যাতে একটি মাছিও সেখানে প্রবেশ করতে না পারে।’
সের্গেই শোইগু বলেন, কারখানাটিতে আনুমানিক দুই হাজার ইউক্রেনীয় সেনা রয়েছেন। প্রেসিডেন্ট পুতিন তাঁদের অস্ত্র রেখে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, আত্মসমর্পণ করা ইউক্রেনের সেনাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হবে।

ক্রেমলিনের পক্ষ থেকে মারিউপোল দখলের দাবির বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বলেছেন, মারিউপোলের বেশির ভাগই রুশ সেনাদের নিয়ন্ত্রণে। তবে সেখানকার একটি অংশে এখনো ইউক্রেনের সেনারা যুদ্ধ করছেন। তিনি জানান, মারিউপোলে প্রায় ১ লাখ ২০ হাজার বেসামরিক নাগরিক অবরুদ্ধ হয়ে আছেন।

১. মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানাটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন পুতিন।
২. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ের শিকার মারিউপোলের বাসিন্দারা।

ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, রাশিয়াকে ‘সব বিকল্পের প্রস্তাব দিয়েছে’ ইউক্রেন। এমনকি আটক হওয়া রুশ সেনাদের মুক্তির বদলে আটকে পড়া মারিউপোলের নাগরিকদের উদ্ধারের প্রস্তাবও দেওয়া হয়েছে। তিনি জানান, তাঁরা মস্কোর জবাবের অপেক্ষা করছেন। তবে গতকাল পর্যন্ত এ বিষয়ে রুশ বক্তব্য পাওয়া যায়নি।

ইস্পাতের কারখানায় হামলা না চালিয়ে অবরুদ্ধ করে রাখার বিষয়ে পুতিনের সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করতে চাওয়া হলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই পদক্ষেপটি পুতিনের ‘মানসিক বৈকল্য’র সাক্ষ্য দেয়।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ইস্পাত কারখানা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, তারা জানে জোর করে এটা দখলে নিতে পারবে না।

আরও পড়ুন

মারিউপোলে একসময় চার লাখ মানুষের বাসস্থান ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ের শিকার হয়েছেন এখানকার বাসিন্দারা। প্রায় দুই মাস ধরে শহরটিতে রাশিয়ার অবরোধ এবং বোমাবর্ষণে কয়েক হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

যে সাংবাদিকেরা মারিউপোলে গিয়েছেন, তাঁরা দেখেছেন সেখানকার রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে। প্রায় সব ভবন ধ্বংস হয়ে গেছে এবং বাসিন্দারা ঠান্ডায় জমে রয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কোর পক্ষ থেকে পাঠানো শান্তি প্রস্তাবের বিষয়ে এখনো কিয়েভের জবাবের অপেক্ষা করা হচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছেন, ক্রেমলিন যে প্রস্তাবের কথা বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

সের্গেই শোইগু পুতিনকে জানান, মারিউপোল জয়ের অভিযানে ইউক্রেনের চার হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। প্রায় দেড় হাজার আত্মসর্মপণ করেছেন। আত্মসমর্পণ করা সেনাদের মধ্যে দুজন ব্রিটিশ সেনাও রয়েছেন।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিয়ানা ভারশচুক বলেন, ইস্পাত কারখানাটিতে আটকে থাকা এক হাজার বেসামরিক নাগরিক ও ৫০০ আহত সেনাকে দ্রুত সেখান থেকে বের করে আনা দরকার।

আরও পড়ুন

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য অতিরিক্ত আরও ৮০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। ইউক্রেনকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের ৮০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণার ঠিক এক সপ্তাহ পর গতকাল এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এই প্যাকেজের মধ্যে ভারী অস্ত্র, কয়েক ডজন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং আরও কৌশলগত ড্রোন অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাষ্ট্র রাজস্ব বিভাগ জানিয়েছে, বেতন-ভাতা প্রদান এবং পরিষেবা প্রদানের মতো সরকারি কার্যক্রমে সহায়তা করার জন্য ইউক্রেনকে আরও ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।