মারিউপোলের বাসিন্দাদের রাশিয়া পাঠানো হচ্ছে: মেয়র
রাশিয়ার দখলকৃত ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের কয়েক হাজার বাসিন্দাকে রাশিয়ায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র। খবর বিবিসির।
তবে মারিউপোলের মেয়রের এমন দাবির সত্যতা বিবিসির একার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তবে বিবিসি জানিয়েছে, শহরের প্রায় তিন লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ছাড়া সেখানে মানুষের জন্য খাবার ও চিকিৎসা সামগ্রী ফুরিয়ে আসছে। শহরে মানবিক সাহায্য পৌঁছানোর পথও বন্ধ করে দিয়েছে রুশ বাহিনী।
টেলিগ্রামে দেওয়া বার্তায় মেয়র ভাদিম বোয়শেঙ্কো বলেন, এদের মধ্যে কিছু বাসিন্দাকে রাশিয়ার প্রত্যন্ত শহরগুলোয় পাঠানো হয়েছে। বাকিদের খবর জানি না।
তিনি বলেন, ‘দখলদারেরা (রুশ বাহিনী) এখন যা করছে প্রবীণ প্রজন্মের মানুষের কাছে তা পরিচিত। কারণ এসব মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকর বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছেন। ওই সময় নাৎজিরা মানুষকে ধরে নিয়ে যেত। একবিংশ শতাব্দীতেও যে এক দেশের মানুষকে অন্য দেশে পাঠানো হবে তা কল্পনা করাও কঠিন।’
গত বুধবার মারিউপোলের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া মানুষের ওপর বোমা হামলা করে রুশ বাহিনী। রাশিয়া ক্রমাগত হামলা থেকে বাঁচতে ওই থিয়েটার হলে এসব মানুষ আশ্রয় নিয়েছিলেন। একই দিনে মারিউপোল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া মানুষের একটি গাড়িবহরে রুশ বাহিনী হামলা করে।
রুশ বাহিনী এর আগে শহরটির একটি মাতৃসদন, একটি গির্জা ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে। নগর কর্তৃপক্ষ দাবি করছে, মারিউপোলে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। প্রতিনিয়ত রুশ হামলায় শহরটিতে এত মানুষ মারা যাচ্ছেন যে বেশির ভাগ মৃতদের গণকবরে দেওয়া হচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল কৌশলগত কারণে রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরই রুশ বাহিনী সবার আগে শহরটির নিয়ন্ত্রণ নেয়। ইউক্রেনের একজন আইনপ্রণেতা (এমপি) সম্প্রতি বলেন বলেছেন, ‘আকাশ থেকে এই শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে।’