মার্কিন নির্বাচনে রুশ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র অনুমোদন না করায় রাশিয়াও ভবিষ্যতে দেশটির নির্বাচনে মার্কিন পর্যবেক্ষকদের আসতে দেবে না।
এ সিদ্ধান্ত জানিয়ে মার্কিন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ গণমাধ্যম প্রতিষ্ঠান আরআইএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ জানান, মার্কিন নির্বাচনের সম্ভাব্য বিচ্যুতি পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু মার্কিন কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি। এর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে।
ওয়াশিংটনের কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির বিরুদ্ধে হ্যাকিং আক্রমণ চিহ্নিত করা সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক বলেছে, সে জন্য দায়ী হ্যাকার ‘কোজি বিয়ার্স’ এর সঙ্গে রাশিয়ার সেনা গোয়েন্দাদের সম্পর্ক আছে।